১৬ বছরের কমবয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া বন্ধের ভাবনা, কড়া পদক্ষেপের ইঙ্গিত

Published By: Khabar India Online | Published On:

১৬ বছরের কমে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ—এই সিদ্ধান্ত কি সত্যিই আসছে ভারতে? টিনএজারদের ডিজিটাল দুনিয়ায় লাগাম টানতে বড় পদক্ষেপের ইঙ্গিত দিল কেন্দ্র সরকার।

বিশ্বের একাধিক দেশ ইতিমধ্যেই ১৬ বছরের কমবয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে কড়া অবস্থান নিয়েছে। এবার ভারতও সেই পথেই হাঁটার প্রস্তুতি নিচ্ছে। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক বয়সভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর বিষয়ে খসড়া নোট তৈরি করছে বলে সূত্রের খবর।

কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বয়স অনুযায়ী কনটেন্ট আলাদা করার বিষয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে আলোচনা চলছে। মূলত দুটি বিষয় সামনে রাখা হয়েছে—ডিপ ফেক প্রতিরোধ এবং বয়সভিত্তিক নিয়ন্ত্রণ।

অস্ট্রেলিয়া ইতিমধ্যেই ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। সেখানে নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট কোম্পানিকে বিপুল অঙ্কের জরিমানা গুনতে হতে পারে। ফ্রান্সে অভিভাবকদের অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে। চীনে চালু হয়েছে ‘মাইনর কোড’—যেখানে নির্দিষ্ট সময় পর অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়।

ভারতে কয়েকটি রাজ্য সরাসরি নিষেধাজ্ঞার দাবি তুলেছে। গোয়া ইতিমধ্যেই বিষয়টিকে সাইবার অপরাধের আওতায় আনার চেষ্টা করছে। কেন্দ্র সরকারও কিছু প্ল্যাটফর্মের ক্ষেত্রে প্রত্যক্ষ নিষেধাজ্ঞার সম্ভাবনা খতিয়ে দেখছে।

বিশেষজ্ঞদের মতে, কিশোরদের মানসিক স্বাস্থ্য, অনলাইন আসক্তি এবং সাইবার অপরাধের ঝুঁকি কমাতেই এই পদক্ষেপ। পাশাপাশি অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রেও বয়স যাচাই বাধ্যতামূলক করা হতে পারে।

এখন প্রশ্ন, সত্যিই কি ভারতে ১৬ বছরের কমবয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া পুরোপুরি বন্ধ হবে? চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় গোটা দেশ।