এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়

Published By: Khabar India Online | Published On:

দিল্লি সফরের ঠিক আগেই বড় রাজনৈতিক বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) নিয়ে ভারতের নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বিষয়টি প্রকাশ্যে আসতেই জাতীয় রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে।

আদালত সূত্রে জানা গিয়েছে, আগামী বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে। একই দিনে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেনের দায়ের করা মামলারও শুনানি রয়েছে। ফলে একসঙ্গে একাধিক মামলায় এসআইআর ইস্যু আদালতে উঠতে চলেছে।

মমতার অভিযোগ, মানবিক দৃষ্টিভঙ্গি উপেক্ষা করে আইন ও বিধি লঙ্ঘন করে এই বিশেষ সংশোধনী চাপিয়ে দেওয়া হয়েছে। তিনি দাবি করেছেন, পশ্চিমবঙ্গে প্রায় ৮,১০০ জন মাইক্রো-অবজ়ারভার নিয়োগ করা হয়েছে, যাঁদের পর্যাপ্ত প্রশিক্ষণ নেই এবং যাঁরা সংবেদনশীল আইনি প্রক্রিয়া পরিচালনার জন্য যোগ্য নন।

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী ভোটার তালিকা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধুমাত্র ইআরও ও এইআরও-দের। সেখানে মাইক্রো-অবজ়ারভারদের সক্রিয় হস্তক্ষেপ আইনসঙ্গত নয় বলেই তাঁর দাবি। এই প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।

উল্লেখ্য, সোমবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করার কথা মমতার। তার ঠিক আগে আদালতে মামলা ও একাধিক চিঠির মাধ্যমে কমিশনের উপর চাপ বাড়ানোর কৌশল বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার, এই সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী কী বার্তা দেন।