শ্রেয়া ঘোষালের বড় সিদ্ধান্ত: ‘চিকনি চামেলি’ ধরনের গান আর গাইবেন না

Published By: Khabar India Online | Published On:

একটি পুরনো গান, আর সেটিকেই ঘিরে নতুন বিতর্ক। তবে এবার নিজের অবস্থান পরিষ্কার করে দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। তিনি জানালেন, ‘চিকনি চামেলি’ ধরনের অশালীন শব্দচয়নের গান ভবিষ্যতে আর কখনোই গাইবেন না।

সম্প্রতি প্লেব্যাক ক্যারিয়ার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলিউডে। এর মধ্যেই একটি পডকাস্টে নিজের গানের নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান শ্রেয়া ঘোষাল। তিনি স্পষ্ট ভাষায় বলেন, এখন থেকে গান বেছে নেওয়ার ক্ষেত্রে তিনি অনেক বেশি সচেতন।

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে শ্রেয়া বলেছিলেন, অনেক গানে নারীদের এমনভাবে উপস্থাপন করা হয় যেন তারা কেবল ভোগ্যপণ্য। এই ধরনের উপস্থাপন তাকে অস্বস্তিতে ফেলে, বিশেষ করে যখন ছোটরা এসব গান গেয়ে থাকে।

এই মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে সমালোচনা করেন। কেউ কেউ দাবি করেন, শ্রেয়া নিজেই অতীতে এমন অনেক গান গেয়েছেন এবং কনসার্টেও পরিবেশন করেছেন।

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে সেই সমালোচনার জবাব দেন তিনি। শ্রেয়া জানান, ‘চিকনি চামেলি’ গানটি যখন তিনি গেয়েছিলেন, তখন তার বয়স কম ছিল এবং অভিজ্ঞতাও সীমিত ছিল। গানের শব্দ ও অর্থ তখন পুরোপুরি উপলব্ধি করতে পারেননি।

তিনি বলেন, এখন ফিরে তাকালে বিষয়টি ভেবে লজ্জা লাগে। সময়ের সঙ্গে তার দৃষ্টিভঙ্গি বদলেছে এবং এখন তিনি আর এমন গানে কণ্ঠ দিতে চান না।

শিল্পী আরও জানান, ওই গানের জনপ্রিয়তার পর তার কাছে অনেক অশালীন বা বিতর্কিত গানের প্রস্তাব এসেছিল। এমনকি ঘনিষ্ঠ সুরকাররাও তাকে এ ধরনের গান গাওয়ার অনুরোধ করেছিলেন।

তবে নিজের নীতির প্রশ্নে আপস করেননি তিনি। শ্রেয়া ঘোষাল বলেন, তিনি সেই প্রস্তাবগুলো সরাসরি প্রত্যাখ্যান করেছেন এবং ভবিষ্যতেও এই সিদ্ধান্তেই অটল থাকবেন।