S-400 Triumph আবারও প্রমাণ করল কেন একে ভারতের আকাশঢাল বলা হয়। রাজস্থানের পোখরানে ‘বায়ু শক্তি ২০২৬’ সামরিক মহড়ায় এমন এক লক্ষ্যভেদ করা হয়েছে, যা সেনার ইতিহাসে অন্যতম দূরতম বলে দাবি করা হচ্ছে।
শুক্রবারের মহড়ায় দূরের লক্ষ্যবস্তুকে নিখুঁত ভাবে ধ্বংস করার ভিডিও প্রকাশ করেছে ভারতীয় বায়ুসেনা। সেই ভিডিওর বার্তাই স্পষ্ট— শত্রু দৃষ্টির বাইরে যেতে পারে, কিন্তু নাগালের বাইরে নয়।
রাশিয়ার কাছ থেকে কেনা এই অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বহুস্তরীয় হামলা প্রতিহত করতে সক্ষম। সুপারসনিক যুদ্ধবিমান, ড্রোনের ঝাঁক কিংবা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র— সব কিছুর বিরুদ্ধে কার্যকরী S-400 Triumph।
২০১৮ সালে মস্কো থেকে এই ব্যবস্থা পাওয়ার পর থেকেই ধাপে ধাপে মোতায়েন করা হয়েছে দেশের কৌশলগত অঞ্চলে। গত বছরের ‘অপারেশন সিঁদুর’-এ এর কার্যকারিতা নিয়ে ইতিমধ্যেই সন্তুষ্ট প্রতিরক্ষা মহল। এবার পোখরানের মহড়ায় আবারও তার নিখুঁততা সামনে এল।
এই ব্যবস্থার অ্যারে রাডার প্রায় ৬০০ কিলোমিটার দূর পর্যন্ত শত্রু বস্তু শনাক্ত করতে পারে। যদিও ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা প্রায় ৪০০ কিলোমিটার। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে আরও উন্নত ট্র্যাকিং ও ইন্টারসেপশন প্রযুক্তির মাধ্যমে ‘দিগন্তের বাইরে’ লক্ষ্যবস্তুকেও ধ্বংস করার পরিকল্পনা এগোচ্ছে।
ভারতের আকাশসীমা আরও দুর্ভেদ্য করতে অতিরিক্ত S-400 Triumph কেনার কথাও বিবেচনায় রয়েছে। প্রতিরক্ষা প্রস্তুতিতে এই ব্যবস্থা যে বড় ভূমিকা নিচ্ছে, তা স্পষ্ট।
দেশের কৌশলগত নিরাপত্তায় S-400 Triumph এখন এক গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠেছে।

