Rinku Singh emotional post about father—বিশ্বকাপ জয়ের আনন্দে যখন গোটা ভারত উল্লাসে মেতে উঠেছে, তখন ট্রফি হাতে দাঁড়িয়ে থেকেও মন ভেঙে পড়েছিল ব্যাটার রিংকু সিংয়ের। কারণ এই ঐতিহাসিক মুহূর্তে পাশে ছিলেন না তার সবচেয়ে বড় অনুপ্রেরণা—তার প্রয়াত বাবা।
ভারতের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার আনন্দের মাঝেই রিংকু সিংয়ের মনে ভেসে উঠছিল বাবার স্মৃতি। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর গত ২৭ ফেব্রুয়ারি মারা যান তার বাবা খানচাঁদ সিং। বিশ্বকাপ চলাকালীনই বাবাকে হারানোর শোক তাকে গভীরভাবে নাড়া দেয়।
ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত ট্রফি জয়ের পর রিংকু সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি লিখেছেন, এতদিন কখনো বাবার সঙ্গে কথা না বলে দিন কাটেনি। এখন তাকে ছাড়া জীবনের পথ কেমন হবে, সেটাই ভাবতে পারছেন না।
রিংকু আরও জানান, তার বাবা সবসময় তাকে শিখিয়েছেন—কর্তব্যই সবচেয়ে বড় বিষয়। তাই কঠিন সময়েও মাঠে নেমে তিনি বাবার স্বপ্ন পূরণের জন্য লড়াই করেছেন। বিশ্বকাপ জয়ের মাধ্যমে সেই স্বপ্ন পূরণ হলেও বাবার অনুপস্থিতি তাকে গভীরভাবে ব্যথিত করছে।
এই বিশ্বকাপে ভারতের হয়ে গ্রুপ পর্বে কয়েকটি ম্যাচ খেলেছিলেন রিংকু সিং। যুক্তরাষ্ট্র, নামিবিয়া, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাট হাতে নেমে গুরুত্বপূর্ণ সময় দলের পাশে দাঁড়ান তিনি। তবে সুপার এইট পর্বের মাঝেই বাবার মৃত্যুর খবর পেয়ে তিনি গভীর শোকে ডুবে যান।
জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে বাবাকে হারানোর পর তিনি সাময়িকভাবে দলের বাইরে চলে যান। পরে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে আবার স্কোয়াডে যোগ দিলেও আর মাঠে নামেননি।
তার অনুপস্থিতিতে সুযোগ পান সঞ্জু স্যামসন। ব্যাকআপ ওপেনার হিসেবে দলে থাকা স্যামসন পরবর্তী ম্যাচগুলোতে অসাধারণ পারফরম্যান্স করে বিশ্বকাপের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে ওঠেন।
তবে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার এই ঐতিহাসিক মুহূর্তে রিংকুর হৃদয়ে একটাই আক্ষেপ—তার বাবা যদি এই সাফল্য নিজের চোখে দেখতে পারতেন!

