দাউ দাউ করে জ্বলতে শুরু করল একটি কাঠের মিল। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি ফায়ার ঘটনায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
শনিবার রাতে রায়দিঘি বাজারের একটি শ’মিলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় ১০টা নাগাদ মিল বন্ধ করে বাড়ি চলে যান মালিক অমূল্য গায়েন। তার কিছুক্ষণ পরেই হঠাৎ করে মিলের ভেতর থেকে আগুনের শিখা বের হতে দেখা যায়।
আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের ব্যবসায়ী ও স্থানীয় মানুষজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলকে। জয়নগর থেকে দু’টি দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে।
ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছান স্থানীয় বিধায়ক ডঃ অলোক জলদাতা। পাশাপাশি মথুরাপুরের সাংসদ বাপি হালদার, মথুরাপুর ২ নম্বর ব্লকের বিডিও, স্থানীয় থানার আইসি সহ প্রশাসনের একাধিক আধিকারিক ঘটনাস্থলে উপস্থিত হন।
মিলের মালিক অমূল্য গায়েন জানিয়েছেন, আগুনে প্রায় তিন কোটি টাকার কাঠ ও অন্যান্য সামগ্রী পুড়ে গিয়েছে। রাত প্রায় ১টা নাগাদ দমকলের দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দমকল সূত্রে জানা গেছে, ঠিক কী কারণে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তবে এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পর থেকেই রায়দিঘি বাজার এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়েছে।

