পিএফ পেনশন বাড়বে কি? বাজেটের দিকে তাকিয়ে লক্ষ লক্ষ প্রবীণ

Published By: Khabar India Online | Published On:

বাজেটের আগে আশা আর হতাশার দোলাচলে দিন কাটছে লক্ষ লক্ষ প্রবীণের। পিএফের আওতায় থাকা এমপ্লয়িজ পেনশন স্কিম বা ইপিএস-৯৫–এর ন্যূনতম পেনশন বাড়বে কি না, সেই প্রশ্নেই এখন নজর কেন্দ্রীয় বাজেটের দিকে।

কেন্দ্রীয় শ্রমমন্ত্রক স্পষ্ট ইঙ্গিত দিয়েছে, আপাতত ন্যূনতম পেনশন বৃদ্ধির কোনও নিশ্চিত পরিকল্পনা নেই। সংসদে এক প্রশ্নের উত্তরে তারা জানিয়েছে, এই স্কিমে পেনশনের অঙ্ক নির্ধারিত হয় পেনশন তহবিলের কাঠামোর মধ্যেই। ফলে বাড়তি সুবিধা দিতে হলে বাজেট বরাদ্দ জরুরি।

বর্তমানে দেশে প্রায় ৮০ লক্ষ প্রবীণ ইপিএস-৯৫ স্কিমের আওতায় পেনশন পান। ২০১৪ সালে মনমোহন সিংহ সরকারের সময় প্রশাসনিক সিদ্ধান্তে ন্যূনতম পেনশন ১,০০০ টাকা নির্ধারিত হয়, যা পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারও চালু রাখে। তবুও নিয়মের জটিলতায় প্রায় ৩০ লক্ষ প্রবীণ এখনও এই ন্যূনতম পেনশন থেকে বঞ্চিত।

গত ১১ বছরে ন্যূনতম পেনশনের অঙ্ক আর বাড়েনি। এই পরিস্থিতিতে বিভিন্ন শ্রমিক সংগঠন পাঁচ থেকে নয় হাজার টাকা পর্যন্ত ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবিতে আন্দোলনে নেমেছে। ইপিএস-৯৫ পেনশনভোগীদের সংগঠন ন্যাশনাল অ্যাজিটেশন কমিটি ডিএ ও চিকিৎসা পরিষেবাসহ সাড়ে সাত হাজার টাকা পেনশনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছে।

শ্রমমন্ত্রকের বক্তব্য, এই স্কিমে সরকার ১৫ হাজার টাকা বেতন পর্যন্ত ১.১৬ শতাংশ ভর্তুকি দেয় এবং ন্যূনতম ১,০০০ টাকা পেনশনের জন্য আলাদা করে বাজেট বরাদ্দ করতে হয়। তবে পেনশন বাড়ানোর বিষয়ে নির্দিষ্ট কোনও সময়সীমা তারা জানায়নি। শুধু এটুকু স্বীকার করেছে, বিভিন্ন শ্রমিক সংগঠন ও জনপ্রতিনিধিদের কাছ থেকে এ নিয়ে আবেদন এসেছে।

এখন সব নজর কেন্দ্রীয় বাজেটের দিকে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেনশন বৃদ্ধির জন্য অতিরিক্ত বরাদ্দ রাখেন কি না, সেটাই দেখার। প্রবীণ পেনশনভোগীদের বিশ্বাস, এবারের বাজেটেই মিলতে পারে দীর্ঘ প্রতীক্ষিত স্বস্তি।