হঠাৎ করেই পুরনো গুঞ্জন নতুন করে আলোচনায়। ঢাকাই সিনেমার আলোচিত তারকা পরীমনি ও শরিফুল রাজের বিচ্ছেদ নিয়ে আবারও নেটদুনিয়ায় শুরু হয় নানা প্রশ্ন। তবে এবার আর নীরব নন পরীমনি—সব জল্পনার জবাব দিলেন খোলামেলাভাবে।
সম্প্রতি একটি টেলিভিশন পডকাস্টে অংশ নিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। সেখানে স্পষ্ট ভাষায় তিনি জানান, তাদের বিচ্ছেদের পেছনে তৃতীয় কোনো পক্ষের ভূমিকা নেই। শুধুমাত্র বোঝাপড়ার অভাব থেকেই সম্পর্কের অবনতি হয়েছে বলে দাবি তার।
পরীমনির ভাষায়, সংসার টিকিয়ে রাখতে পারস্পরিক সমর্থন ও দায়িত্ববোধ প্রয়োজন। কিন্তু সেই জায়গাটিতেই ঘাটতি ছিল। ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে পড়া একটি গুজব—তার জন্য নাকি রাজ সন্তানের খোঁজ নিতে পারেন না—এ কথাকেও সম্পূর্ণ ভুল বলে উড়িয়ে দেন তিনি।
অভিনেত্রী আরও বলেন, তিনি চান রাজ নিজের ভেতর থেকেই বাবার দায়িত্বটা উপলব্ধি করুক। কাউকে বোঝাতে নয়, নিজেই যেন সন্তানের অস্তিত্ব ও দায়িত্ব অনুভব করে।
উল্লেখ্য, ২০২১ সালে বিয়ে ও ২০২২ সালে সন্তানের জন্মের পর নানা টানাপোড়েন পেরিয়ে ২০২৩ সালের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে এই তারকা দম্পতির। ব্যক্তিগত জীবনের ঝড় সামলেও বর্তমানে দুজনই নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

