বিহারের রাজনীতিতে নতুন মোড়। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সক্রিয় রাজনীতিতে পা রাখলেন নীতীশ কুমারের ছেলে নিশান্ত কুমার। রবিবার আনুষ্ঠানিকভাবে তিনি জনতা দল ইউনাইটেড (JDU)-এ যোগ দেন।
দলে যোগ দেওয়ার পর নিশান্ত জানান, তিনি আপাতত একজন সাধারণ ও সক্রিয় কর্মী হিসেবেই দলের জন্য কাজ করতে চান। তাঁর কথায়, দলের সংগঠনকে আরও শক্তিশালী করা এবং মানুষের আস্থা অর্জনই তাঁর প্রধান লক্ষ্য।
এর আগে জেডিইউ-র প্রবীণ নেতা ও বিহারের মন্ত্রী সরওয়ান কুমার ইঙ্গিত দিয়েছিলেন যে, খুব শীঘ্রই নিশান্ত আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেবেন এবং ভবিষ্যতে তিনি বড় দায়িত্বও পেতে পারেন। সেই জল্পনাই রবিবার বাস্তবে রূপ নেয়।
এদিকে রাজনৈতিক মহলে আরও একটি বড় আলোচনা চলছে। সম্প্রতি নীতীশ কুমার রাজ্যসভায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। অনেকের মতে, বিজেপির নেতা ও বর্তমান উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি সম্ভাব্য মুখ্যমন্ত্রী হতে পারেন।
এই পরিস্থিতিতে নিশান্ত কুমারের ভূমিকা নিয়েও নানা আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ মনে করছেন, ভবিষ্যতে তাঁকে জেডিইউ-র গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। এমনকি উপমুখ্যমন্ত্রী পদ নিয়েও রাজনৈতিক মহলে নানা জল্পনা চলছে, যদিও এখনও কোনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।
দলে যোগ দেওয়ার পর নিশান্ত বলেন, তাঁর বাবা নীতীশ কুমারের রাজ্যসভায় যাওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত। তিনি সেই সিদ্ধান্তকে সম্মান করেন এবং বাবার নির্দেশ মেনেই দলের জন্য কাজ করবেন।
শিক্ষাগত দিক থেকে নিশান্ত কুমার বেশ মেধাবী। পটনার কেন্দ্রীয় বিদ্যালয় থেকে পড়াশোনা করার পর তিনি রাঁচির বিরলা ইনস্টিটিউট অফ টেকনোলজি (BIT Mesra) থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। পরে একটি বহুজাতিক সংস্থায় চাকরিও করেছেন তিনি।
যদিও এতদিন সক্রিয় রাজনীতিতে তাঁর আগ্রহ খুব বেশি দেখা যায়নি। বহুবার তাঁর রাজনীতিতে যোগদানের জল্পনা উঠলেও বাস্তবে তা হয়নি। তবে এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে সরাসরি রাজনীতির ময়দানে নামলেন নীতীশ-পুত্র।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী দিনে বিহারের রাজনীতিতে নিশান্ত কুমার একটি গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠতে পারেন।

