সক্রিয় রাজনীতিতে নিশান্ত কুমার? বড় দায়িত্ব পেতে পারেন জেডিইউ-তে

Published By: Khabar India Online | Published On:

Nitish Kumar Son Nishant Kumar-কে ঘিরে বিহার রাজনীতিতে হঠাৎ করেই চাঞ্চল্য। এবার কি সত্যিই সক্রিয় রাজনীতিতে পা রাখতে চলেছেন মুখ্যমন্ত্রীর পুত্র নিশান্ত কুমার? জেডিইউ শিবিরের সাম্প্রতিক মন্তব্যে জল্পনা আরও ঘনীভূত হয়েছে।

জনতা দল ইউনাইটেডের এক প্রবীণ নেতা ও মন্ত্রী শারওয়ান কুমার সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, খুব শীঘ্রই নিশান্তের আনুষ্ঠানিক রাজনৈতিক যোগদান সম্পন্ন হতে পারে। শুধু তাই নয়, দলীয় সূত্রে ইঙ্গিত— তাঁকে ‘বড় দায়িত্ব’ দেওয়া হতে পারে।

রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তবে কি রাজ্যসভায় পাঠানো হতে পারে নিশান্তকে? সরাসরি উত্তর না দিলেও শারওয়ানের বক্তব্য, “যে কোনও কিছু ঘটতে পারে।” এই মন্তব্যই নতুন করে জল্পনা উসকে দিয়েছে।

৪৯ বছরের নিশান্ত অবিবাহিত। পটনার কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াশোনার পর রাঁচির বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। এরপর বহুজাতিক সংস্থায় কাজও করেছেন। যদিও এতদিন সক্রিয় রাজনীতির প্রতি তাঁর অনাগ্রহই প্রকাশ্যে এসেছে।

এর আগেও একাধিকবার শোনা গিয়েছে, নীতীশ কুমারের রাজনৈতিক উত্তরসূরি হতে পারেন নিশান্ত। কিন্তু তিনি নিজে বারবার জানিয়েছেন, রাজনীতিতে তাঁর আগ্রহ নেই। ২০১৭ সালে স্পষ্ট বলেছিলেন, তিনি আধ্যাত্মিক পথ বেছে নিতে চান।

তবে সময়ের সঙ্গে কি বদলেছে অবস্থান? বাবার হয়ে প্রচারে তাঁকে বহুবার দেখা গেলেও সরাসরি রাজনৈতিক ময়দানে নামেননি তিনি। এখন জেডিইউ নেতার ইঙ্গিত ঘিরে প্রশ্ন— এবার কি সত্যিই নতুন অধ্যায় শুরু হতে চলেছে?