বেলডাঙা অশান্তি মামলায় বড় মোড়, তদন্তের ভার নিল এনআইএ

Published By: Khabar India Online | Published On:

 বদলে গেল বেলডাঙা অশান্তি মামলার গতিপথ। মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুকে কেন্দ্র করে যে উত্তেজনা ছড়িয়েছিল, তার তদন্ত এবার হাতে নিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)

শনিবার সকাল নাগাদ এনআইএ-র আট সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল বেলডাঙা থানায় পৌঁছে ঘটনার সঙ্গে যুক্ত যাবতীয় নথি সংগ্রহ শুরু করে। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে ইউএপিএ আইনের ধারায় ইতিমধ্যেই মামলা রুজু করেছে এনআইএ।

পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর এনআইএ-র একটি অংশ বহরমপুরে গিয়ে পুলিশ সুপারের দপ্তর ও জেলা সিজেএম আদালত থেকেও প্রয়োজনীয় নথি সংগ্রহ করে। আদালতের নির্দেশ মেনে এখনও পর্যন্ত হওয়া তদন্তের অগ্রগতি এবং প্রমাণপত্র এনআইএ-র হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে মুর্শিদাবাদ পুলিশ

এই ঘটনায় এখনও পর্যন্ত ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের দাবি, ওই সকল অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে নতুন করে জিজ্ঞাসাবাদ করতে পারে এনআইএ। পাশাপাশি, ১৬ ও ১৭ জানুয়ারি বেলডাঙার যে সব এলাকায় ব্যাপক অশান্তি হয়েছিল, সেখানেও তদন্তকারীরা পরিদর্শনে যেতে পারেন।

উল্লেখ্য, আলাউদ্দিন শেখের মৃত্যুর পর বেলডাঙায় জাতীয় সড়ক ও রেললাইন অবরোধ, ভাঙচুর এবং সংঘর্ষে পরিস্থিতি চরমে ওঠে। প্রাথমিক তদন্তে আলাউদ্দিনের মৃত্যু আত্মহত্যা বলেই নিশ্চিত করেছিল জেলা পুলিশ। তবে সেই ঘটনাকে সামনে রেখে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অশান্তি ছড়ানোর অভিযোগ ওঠায় বিষয়টি জাতীয় গুরুত্ব পায়।

এখন এনআইএ তদন্তে নেমে পুরো ঘটনার পেছনের চক্র, উসকানি এবং সম্ভাব্য ষড়যন্ত্র খতিয়ে দেখবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।