নেপালে নদীতে বাস উল্টে পড়ে ১৮ জন নিহত — গভীর রাতের সেই ভয়াবহ দুর্ঘটনা মুহূর্তে স্তব্ধ করে দিল পুরো এলাকা।
রবিবার গভীর রাতে নেপালের ধাদিং জেলার গাজুরি অঞ্চলে ত্রিশুলি নদীতে যাত্রীবাহী একটি বাস উল্টে পড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় রাত প্রায় ১টা ৩০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বাসটিতে মোট ৪৬ জন যাত্রী ছিলেন। এটি পোখরা থেকে রাজধানী কাঠমান্ডুর দিকে যাচ্ছিল। পৃথ্বী হাইওয়ে দিয়ে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের নদীতে পড়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নেপালের আর্মড পুলিশ ফোর্সের মুখপাত্র বিষ্ণু প্রসাদ ভাট্টা জানান, দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, আর্মড পুলিশ ফোর্স এবং স্থানীয় পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। নদী এবং দুর্ঘটনাকবলিত বাস থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত অবস্থায় ২৮ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে নিউজিল্যান্ডের একজন পুরুষ নাগরিক রয়েছেন। আহতদের মধ্যে জাপান ও নেদারল্যান্ডসের দুই নারী পর্যটকও আছেন। তারা ভ্রমণের উদ্দেশ্যে নেপালে এসেছিলেন।
দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তবে পুলিশের প্রাথমিক ধারণা, বাসের অতিরিক্ত গতি এই দুর্ঘটনার পেছনে ভূমিকা রাখতে পারে। তদন্ত চলছে।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন শোক প্রকাশ করেছে এবং দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

