নির্বাচনের মুখে বাংলার রাজনৈতিক মঞ্চে উত্তাপ ক্রমেই বাড়ছে। আর সেই আবহেই হলদিয়া থেকে বিস্ফোরক মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
হলদিয়ার সভা থেকে তিনি সরাসরি তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, বাংলায় “পরিবর্তনের ঝড়” শুরু হয়ে গেছে। তাঁর দাবি, রাজ্যে অপশাসনের জেরে উন্নয়ন থমকে গেছে এবং শিল্প ক্ষেত্রেও পড়েছে প্রভাব। হলদিয়ার কারখানাগুলির দুরবস্থার কথাও তুলে ধরেন তিনি।
পাঁচ বছর আগের নন্দীগ্রাম নির্বাচনের প্রসঙ্গ টেনে এনে মোদি বলেন, সেই পরিবর্তনের বার্তা এবার ভবানীপুরেও প্রতিফলিত হবে। তাঁর মতে, গোটা রাজ্যেই এবার পরিবর্তনের হাওয়া বইবে। একইসঙ্গে তিনি “ডবল ইঞ্জিন সরকার”-এর পক্ষে সওয়াল করে বলেন, কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করলে তবেই বাংলার উন্নয়ন সম্ভব।
রাজ্যের যুব সমাজ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, তৃণমূল সরকার যুবকদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করেছে। বিজেপি ক্ষমতায় এলে রাজ্যেও রোজগার মেলার আয়োজন করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।
নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত নিয়েও কড়া সমালোচনা করেন মোদি। তাঁর কথায়, বারবার এই ধরনের ঘটনা রাজ্যের প্রশাসনিক দুর্বলতাকেই সামনে আনছে। এমনকি সাম্প্রতিক কিছু ঘটনাকে কেন্দ্র করে দেশের শীর্ষ আদালতের মন্তব্যও তিনি উল্লেখ করেন।
এছাড়া কেন্দ্রীয় প্রকল্পগুলিকে রাজ্য নিজের নামে চালানোর অভিযোগও তোলেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্যই এই ধরনের কাজ করা হচ্ছে।
উত্তরবঙ্গের পর এবার দক্ষিণবঙ্গেও নির্বাচনী প্রচার শুরু করে বিজেপি তাদের আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়েছে। এখন দেখার, এই আক্রমণের জবাবে তৃণমূল কংগ্রেস কী কৌশল নেয়।

