হঠাৎ এক বিকট শব্দ, তারপর আগুনের লেলিহান শিখা— Nagpur Factory Blast মুহূর্তে কাঁপিয়ে দিল মহারাষ্ট্রকে।
রবিবার সকালে মহারাষ্ট্রের নাগপুর জেলার একটি বারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সকাল ৭টা থেকে সওয়া ৭টার মধ্যে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন নাগপুর গ্রামীণ পুলিশের সুপার হর্ষ পোদ্দার।
জানা গিয়েছে, কারখানার ডিটোনেটর প্যাকিং শাখায় বিস্ফোরণ ঘটে। সেই সময় বহু শ্রমিক ভিতরে কাজ করছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণের তীব্রতায় কারখানার ছাদ উড়ে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘন ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা।
স্থানীয় গ্রামবাসীরা প্রথমে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)। বহু দেহ ঝলসে যাওয়ায় শনাক্ত করতে সমস্যা হচ্ছে বলে জানা গেছে। আহত হয়েছেন অন্তত ১৮ জন। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।
এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী Narendra Modi এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী Devendra Fadnavis। প্রধানমন্ত্রীর তরফে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকেও মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তার কথা জানানো হয়েছে।
উল্লেখ্য, এর একদিন আগেই অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলার একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে বহু শ্রমিকের মৃত্যু হয়েছিল। পরপর দুটি শিল্প দুর্ঘটনায় প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে।
তদন্ত শুরু করেছে প্রশাসন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

