একদিকে রাস্তা, অন্যদিকে যেন ধানের জমি—এই অদ্ভুত দৃশ্যেই ফেটে পড়ল ক্ষোভ।
মালদহ জেলার রতুয়া ১ নম্বর ব্লকের বাহারাল অঞ্চলের সাহাপুর হাজিটোলা এলাকায় দীর্ঘদিন ধরে জলমগ্ন রাস্তার সমস্যায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। বছরের বেশিরভাগ সময়ই রাস্তায় হাঁটু সমান জল জমে থাকে, যার ফলে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

এই পরিস্থিতির প্রতিবাদে এবার অভিনব পথ বেছে নিলেন গ্রামবাসীরা। জমে থাকা জলে নেমে ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখান তাঁরা। স্থানীয়দের অভিযোগ, বারবার নেতা-মন্ত্রীর কাছে সমস্যা জানানো হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।
এলাকাবাসীদের দাবি, এই জল সমস্যার কারণে স্কুল পড়ুয়া থেকে শুরু করে বৃদ্ধ-বৃদ্ধা—সবাই সমস্যায় পড়ছেন। এমনকি জরুরি পরিষেবাও অনেক সময় পৌঁছাতে পারে না। অভিযোগ উঠেছে, জেলার শাসক দলের গুরুত্বপূর্ণ বুথ এলাকায় এই অবস্থা হওয়া সত্ত্বেও প্রশাসনের তেমন উদ্যোগ চোখে পড়েনি।
স্থানীয় বিধায়ক সমর মুখার্জির বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামবাসীরা। তাঁদের স্পষ্ট বক্তব্য, দ্রুত রাস্তার উন্নয়ন না হলে আগামী নির্বাচনে ভোট বয়কট করা হবে।
অন্যদিকে, রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। রতুয়া ১ নম্বর ব্লকের মিম সভাপতি শেখ জাহাঙ্গীর জানিয়েছেন, তাঁদের দল ক্ষমতায় এলে দ্রুত জল নিকাশির ব্যবস্থা করা হবে। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও একে ইস্যু করে শাসক দলকে নিশানা করা হয়েছে।
এদিকে বিক্ষোভে অংশ নেওয়া রেনি বিবি, শেখ মাইনুল ও শেখ সামসুদ্দিনদের মতো সাধারণ মানুষ জানিয়েছেন, প্রতিশ্রুতি নয়, তাঁরা বাস্তব সমাধান চান।

এখন দেখার, প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব কত দ্রুত এই সমস্যার সমাধানে এগিয়ে আসে, নাকি ক্ষোভ আরও বাড়ে আগামী দিনে।

