কখনও কি মনে হয়েছে, অন্যদের খুশি রাখতে গিয়ে আপনি নিজেকেই হারিয়ে ফেলছেন? বিশেষজ্ঞরা বলছেন, Low Self Esteem বা আত্মসম্মানবোধ কম থাকা আমাদের আচরণের মধ্যেই স্পষ্ট হয়ে ওঠে।
আত্মসম্মানবোধ এমন এক শক্তি, যা বাইরের কেউ গড়ে দেয় না—এটি নিজের ভেতর থেকেই তৈরি করতে হয়। কিন্তু অজান্তেই কিছু অভ্যাস আপনার আত্মসম্মানবোধ কম থাকার ইঙ্গিত দিতে পারে। মিলিয়ে নিন লক্ষণগুলো।
১. অতিরিক্ত ক্ষমা চাওয়া
ভুল না করেও বারবার ‘সরি’ বলা কি আপনার অভ্যাস? প্রয়োজন ছাড়াই ক্ষমা চাওয়া মানে আপনি নিজের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী নন। ক্ষমা চাওয়া ভালো গুণ, তবে অযথা নয়। নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকাও সমান জরুরি।
২. যেকোনো মূল্যে অন্যকে খুশি করা
সব সময় অন্যের অনুরোধে ‘হ্যাঁ’ বলা, নিজের ক্লান্তি উপেক্ষা করা—এগুলোও আত্মসম্মানবোধ কম থাকার লক্ষণ। প্রত্যেক মানুষেরই সীমাবদ্ধতা আছে। নিজের সীমা নির্ধারণ করতে শেখা জরুরি।
৩. অসম্মান সহ্য করা
বন্ধু বা পরিবারের কারও অপমানজনক আচরণ চুপচাপ মেনে নেওয়া মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ২০২১ সালের একটি গবেষণায় দেখা গেছে, অপমান সহ্য করলে আত্মবিশ্বাস আরও কমে যায় এবং মানসিক চাপ বাড়ে। তাই প্রয়োজনে প্রতিবাদ করুন।
৪. নিজেকে নিয়ে নেতিবাচক কথা বলা
নিজেকে বারবার ব্যর্থ বা অযোগ্য বলা আপনার মনকেই দুর্বল করে দেয়। ভুল হতেই পারে, তবে তা থেকে শেখাই আসল। নিজের সঙ্গে ইতিবাচক ভাষায় কথা বলার অভ্যাস গড়ে তুলুন।
৫. সব সময় অন্যের প্রশংসা চাওয়া
প্রতিটি কাজে স্বীকৃতি বা প্রশংসা না পেলে মন খারাপ হয়ে যায়? ২০১৮ সালের এক গবেষণায় বলা হয়েছে, অতিরিক্ত স্বীকৃতির চাহিদা মানসিক অস্থিরতা বাড়ায়। নিজের মূল্যায়ন নিজেই করতে শিখুন।
আত্মসম্মানবোধ কম থাকা লজ্জার কিছু নয়, তবে তা চিহ্নিত করে পরিবর্তনের পথে হাঁটাই বুদ্ধিমানের কাজ। নিজেকে ভালোবাসা এবং সম্মান দেওয়াই সুস্থ মানসিক জীবনের প্রথম ধাপ।

