অতিরিক্ত আত্মবিশ্বাসই কাল! লাল সিং চাড্ডা ব্যর্থতায় স্বীকারোক্তি আমিরের

Published By: Khabar India Online | Published On:

একটি ছবি, আর তাতেই বদলে গেল সব— লাল সিং চাড্ডা ফ্লপ যেন ভেঙে দিয়েছিল বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের আত্মবিশ্বাস।

‘থ্রি ইডিয়টস’ থেকে ‘পিকে’— একের পর এক ব্লকবাস্টার দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। কিন্তু হলিউডের জনপ্রিয় ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’ নিয়ে তার স্বপ্ন ছিল অনেক বড়। তিন বছরের কঠোর পরিশ্রমের পর ২০২২ সালে মুক্তি পায় ছবিটি।

ছবির জন্য বড় অঙ্কের বিনিয়োগ হলেও, আমির খান বিশ্বাস করেছিলেন এটি সহজেই ৩০০ কোটির ব্যবসা করবে। কিন্তু মুক্তির পর বাস্তব চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। বক্স অফিসে ব্যর্থতার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও তীব্র সমালোচনার মুখে পড়তে হয় তাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির স্বীকার করেছেন, অতিরিক্ত আত্মবিশ্বাসই ছিল তার বড় ভুল। তার কথায়, এই ছবি দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেনি, আর সেটাই ব্যর্থতার প্রধান কারণ।

এই ব্যর্থতা তাকে মানসিকভাবে ভীষণভাবে নাড়িয়ে দেয়। তিনি জানান, সেই সময় নিজের আবেগ নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। দিনের পর দিন চোখের জল থামাতে পারেননি তিনি।

তবে এই কঠিন সময়ে তার পাশে ছিলেন পরিবার— মা, দুই বোন, সন্তান এবং প্রাক্তন স্ত্রী। তাদের সহযোগিতাতেই ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছেন এই অভিনেতা।

একসময় এতটাই ভেঙে পড়েছিলেন যে অভিনয় ছাড়ার সিদ্ধান্তও নিয়েছিলেন আমির খান। যদিও পরে সেই সিদ্ধান্ত বদলান। বর্তমানে তিনি আবার কাজের জগতে ফিরেছেন এবং ছেলে জুনেইদের ‘এক দিন’ ছবির কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।