Bantala CCTV cameras নিয়ে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। দক্ষিণ-পূর্ব কলকাতার এই গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা বাড়াতে বসানো হবে একসঙ্গে ৭৬টি অত্যাধুনিক নজরদারি ক্যামেরা। লালবাজারে সম্প্রতি অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকের পরই এই গুরুত্বপূর্ণ পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশের অভ্যন্তরীণ সূত্রে জানা গিয়েছে, প্রায় আধ কোটি টাকা ব্যয়ে বানতলার মোট ২৪টি গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হবে এই নতুন CCTV ক্যামেরা। ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। এখন মূল কাজ শুরু হওয়ার অপেক্ষা।
বর্তমানে বানতলার চর্মনগরী এলাকায় কিছু সিসিটিভি ক্যামেরা থাকলেও তা নিরাপত্তার জন্য পর্যাপ্ত নয় বলেই মনে করছে প্রশাসন। এলাকায় দ্রুত শিল্প এবং প্রযুক্তি সংক্রান্ত পরিকাঠামো গড়ে ওঠায় নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশেষ করে সল্টলেকের সেক্টর ফাইভের আদলে বানতলাতেও তৈরি হচ্ছে নতুন তথ্য প্রযুক্তি কেন্দ্র সেক্টর সিক্স। আগামী দিনে এখানে বহু আইটি সংস্থা ও কর্মীর আনাগোনা বাড়বে বলেই ধারণা প্রশাসনের। তাই ভবিষ্যতের চাহিদা মাথায় রেখে আগেভাগেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে কলকাতা পুলিশ।
এই নতুন ক্যামেরাগুলি হবে পাঁচ মেগাপিক্সেল রেজোলিউশনের এবং আইপি বেসড প্রযুক্তিতে তৈরি। ফলে দূর থেকে লাইভ মনিটরিং করা সহজ হবে এবং অপরাধ দমনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ইতিমধ্যেই কোথায় কোথায় ক্যামেরা বসানো হবে তার প্রাথমিক সমীক্ষা শেষ হয়েছে। প্রাথমিকভাবে ২৪টি গুরুত্বপূর্ণ জায়গা চিহ্নিত করা হয়েছে।
সব পরিকল্পনা ঠিকঠাক এগোলে আগামী ছয় মাসের মধ্যেই বানতলার বিভিন্ন এলাকায় এই অত্যাধুনিক CCTV ক্যামেরা বসানোর কাজ সম্পূর্ণ করার লক্ষ্য নিয়েছে লালবাজার।

