দমদম থেকে গিরিশ পার্ক পর্যন্ত দেরিতে মেট্রো

Published By: Khabar India Online | Published On:

Kolkata Metro Blue Line Service Disrupted — হঠাৎ করেই ব্যস্ত দুপুরে থমকে গেল শহরের লাইফলাইন। স্টেশনে দাঁড়িয়ে অপেক্ষা, অথচ মেট্রোর দেখা নেই— এমন অভিজ্ঞতার মুখোমুখি হলেন বহু নিত্যযাত্রী।

বুধবার সকাল সাড়ে ১১টার পর থেকেই শুরু হয় সমস্যার সূত্রপাত। বেলা ১২টা নাগাদ গিরিশ পার্ক স্টেশনে বহু যাত্রী অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে মেট্রো না আসায় ভোগান্তি চরমে ওঠে। কেউ কেউ জানান, স্টেশনে ট্রেন ঢুকলেও নির্ধারিত সময়ে ছাড়ছিল না।

প্রাথমিকভাবে কোনও ঘোষণা না হওয়ায় যাত্রীদের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। পরে স্টেশন থেকে জানানো হয়, গিরিশ পার্ক এলাকায় সিগন্যাল সমস্যার জেরে পরিষেবা ব্যাহত হয়েছে। সেই কারণেই ট্রেন দেরিতে চলছে।

দমদম থেকে চাঁদনি চকের উদ্দেশ্যে যাত্রা করা এক যাত্রী জানান, নির্ধারিত সময়ের অন্তত পাঁচ মিনিট পরে ট্রেন ছাড়ে। শুধু তাই নয়, প্রতিটি স্টেশনে কয়েক মিনিট করে দাঁড়াতে হয়েছে। ফলে পুরো যাত্রাপথেই ধীর গতিতে চলেছে পরিষেবা।

যাত্রীদের একাংশের অভিযোগ, গত এক মাসে একাধিকবার এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কখনও যান্ত্রিক ত্রুটি, কখনও সিগন্যাল বিভ্রাট— প্রায় নিয়মিত হয়ে দাঁড়িয়েছে এই সমস্যা। ব্লু লাইনে আত্মহত্যার চেষ্টার ঘটনাও মাঝেমধ্যেই পরিষেবা ব্যাহত করছে।

শহরের অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহণ ব্যবস্থায় বারবার এই ধরনের বিভ্রাটে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।