নীরবে কাজ করে চলে শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি—কিডনি। কিন্তু সামান্য অবহেলাতেই এই অঙ্গটির ওপর নেমে আসতে পারে বড় বিপদ। অনিয়মিত জীবনযাপন আর ভুল খাদ্যাভ্যাসের কারণে আজকাল কিডনি সমস্যার ঝুঁকি বাড়ছে দ্রুতগতিতে। শুধু পানি খেলেই কিডনি সুস্থ থাকে না, বরং প্রয়োজন সঠিক খাবারের সমন্বয়।
বিশেষজ্ঞদের মতে, দৈনন্দিন খাবারের তালিকায় কিছু সাধারণ উপাদান যোগ করলেই কিডনিকে অনেকটাই সুরক্ষিত রাখা সম্ভব। যেমন ফুলকপি। এটি শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে এবং ডিটক্স প্রক্রিয়াকে সক্রিয় রাখে। ভিটামিন সি ও ফাইবারে ভরপুর হওয়ায় কিডনির ওপর চাপ কমে।
যাদের পটাশিয়াম নিয়ে দুশ্চিন্তা থাকে, তাদের জন্য পেঁয়াজ একটি নিরাপদ সবজি। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট কিডনির প্রদাহ কমাতে সহায়ক এবং হজমশক্তিও বাড়ায়।
ফলের মধ্যে আপেল ও তরমুজ কিডনির জন্য বিশেষ উপকারী। এগুলো শরীরকে হাইড্রেটেড রাখে এবং বর্জ্য অপসারণে সাহায্য করে। আপেলের ফাইবার রক্তে শর্করা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে।
রান্নায় জলপাই তেল ব্যবহার করলে কিডনির ওপর বাড়তি চাপ পড়ে না। পাশাপাশি গ্রিন টি-র অ্যান্টি-অক্সিডেন্ট কিডনির কার্যক্ষমতা বাড়াতে সহায়ক। রসুন রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে কিডনিকে সুরক্ষিত রাখে, আর স্যামন বা টুনার মতো সামুদ্রিক মাছের ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড প্রদাহ কমায়।
সঠিক খাদ্যাভ্যাসই হতে পারে কিডনি সুস্থ রাখার সবচেয়ে বড় হাতিয়ার।

