জলঙ্গিতে কোদাল কোপে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়।
বুধবার দুপুরে মুর্শিদাবাদের জলঙ্গির ঘোষপাড়ায় পূর্বপুরুষের কবরের উপর বাড়ি নির্মাণকে কেন্দ্র করে এক মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযোগ, কোদাল দিয়ে জেঠতুতো দাদাকে আঘাত করে খুন করেছে ভাই। মৃতের নাম আব্দুস সালাম (৫৬)। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত আনোয়ার মণ্ডল।
স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার সম্প্রতি বাংলার বাড়ি প্রকল্পে আর্থিক সহায়তা পেয়েছিলেন। বুধবার নিজের জমিতে বাড়ির ভিত খোঁড়ার কাজ শুরু করেন তিনি। কিন্তু অভিযোগ, যে জায়গায় কাজ চলছিল সেখানে সালাম সাহেবের বাবা ও পূর্বপুরুষদের কবর রয়েছে। সালাম ওই জায়গা এড়িয়ে অন্যত্র ঘর তৈরির পরামর্শ দেন।
এই নিয়েই দু’জনের মধ্যে বচসা শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, উত্তপ্ত তর্কের মাঝে আনোয়ার হাতে থাকা কোদাল দিয়ে সালামের মাথায় আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে প্রথমে সাদিখাঁরদিয়াড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে হাসপাতালে পৌঁছনোর আগেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর থেকে অভিযুক্ত আনোয়ার এলাকা ছেড়ে পালিয়েছেন। পুলিশ জানিয়েছে, তাঁর খোঁজে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের না হলেও তদন্ত শুরু হয়েছে।
মৃতের মেয়ে মাম্পি খাতুন বলেন, তাঁর বাবা শুধু কবরের জায়গা ছেড়ে অন্যত্র বাড়ি করার কথা বলেছিলেন। তা সত্ত্বেও এই চরম পরিণতি ঘটে। স্থানীয় বাসিন্দারাও অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি তুলেছেন।
এলাকায় বর্তমানে উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

