বিশ্বকাপে অভিষেকে ধাক্কা, কিন্তু হাল ছাড়ছে না ইতালি

Published By: Khabar India Online | Published On:

বিশ্বকাপের মঞ্চে প্রথম পা রেখেই ধাক্কা খেলেও স্বপ্ন ভাঙতে নারাজ ইতালি। বড় ব্যবধানে হার দিয়ে শুরু হলেও পরের ম্যাচেই ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছে ইউরোপের দলটি।

ক্রিকেটবিশ্বকে চমকে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেওয়া ইতালি খেলেছে তাদের প্রথম ম্যাচ। তবে অভিষেক ম্যাচটি স্মরণীয় করতে পারেনি দলটি। স্কটল্যান্ডের বিপক্ষে তারা হেরেছে ৭৩ রানের ব্যবধানে। তবুও হার মানতে রাজি নয় ইতালি শিবির।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইতালির ভাইস ক্যাপ্টেন হ্যারি মেনাতি বলেন, এখন ড্রেসিংরুমে হতাশা থাকলেও দল নিজেদের সামর্থ্য প্রমাণ করতে চায়। খুব শিগগিরই আবার মাঠে নামবে ইতালি এবং সেখানেই ঘুরে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এই ম্যাচে বড় ধাক্কা হিসেবে আসে অধিনায়ক ওয়েন ম্যাডসেনের চোট। ফিল্ডিংয়ের সময় গুরুতর আহত হয়ে মাঠ ছাড়েন তিনি এবং ব্যাট করতেও নামতে পারেননি। তার বিশ্বকাপ খেলা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। মেনাতি জানান, ম্যাডসেনের চোটের ঘটনা সবাইকে ব্যথিত করেছে এবং তার সুস্থতা কামনা করছে দল।

ম্যাচের চিত্রে দেখা যায়, প্রথমে ব্যাট করে স্কটল্যান্ড ২০ ওভারে ৪ উইকেটে তোলে ২০৭ রান। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইতালির ইনিংস থেমে যায় ১৩৪ রানে।

আগামী বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে ইতালি। এরপর ১৬ ফেব্রুয়ারি ইংল্যান্ড এবং গ্রুপপর্বের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে তারা।