ইরান-ইসরায়েল উত্তেজনা থামলেও ঝড় যেন এখনও থামেনি— নতুন করে সতর্কবার্তা দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
ভিডিও বার্তায় তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরানে ইসরায়েলের সামরিক অভিযান এখনও শেষ হয়নি। আপাতত বিরতি থাকলেও সামনে আরও পদক্ষেপ নেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। তার দাবি, এখন পর্যন্ত যে সাফল্য অর্জিত হয়েছে তা “ঐতিহাসিক”।
নেতানিয়াহু বলেন, ইরান খুব দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার কাছাকাছি পৌঁছে যাচ্ছিল। সেই পরিস্থিতি ঠেকাতেই এই সামরিক অভিযান শুরু করা হয়। তার মতে, ইরান যদি এই সক্ষমতা অর্জন করত, তাহলে তা ইসরায়েলের অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াত।
তিনি আরও জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক প্রকল্পকে গভীর ভূগর্ভে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছিলেন, যাতে তা যুক্তরাষ্ট্রের হামলার বাইরে থাকে। এই কারণেই ইসরায়েল চুপ করে থাকতে পারেনি।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ আলোচনার পরও কোনো সমঝোতা হয়নি। এরপরই শুরু হয় যুক্তরাষ্ট্রের ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েলের ‘অপারেশন রোয়ারিং লায়ন’। প্রথম দিনের হামলাতেই নিহত হন আয়াতুল্লাহ খামেনি।
যুদ্ধের উত্তেজনা কমাতে ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও, ১১ এপ্রিলের আলোচনাও কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। ফলে পরিস্থিতি আবারও অনিশ্চয়তার দিকে যাচ্ছে।
নেতানিয়াহু বলেন, ইরানে এখনও সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে সমর্থন করে তিনি বলেন— ইরান যদি আলোচনার মাধ্যমে এই উপাদান সরিয়ে না নেয়, তাহলে অন্য উপায় গ্রহণ করা হবে।
বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

