ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় খুললো হরমুজ, বিশ্ব বাণিজ্যে স্বস্তি

Published By: Khabar India Online | Published On:

এক নাটকীয় মোড়ের পর অবশেষে খুলে দেওয়া হলো হরমুজ প্রণালি—বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথে ফের শুরু হয়েছে জাহাজ চলাচল।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির পর বুধবার (৮ এপ্রিল) এই সিদ্ধান্ত কার্যকর হয়। দীর্ঘ উত্তেজনার পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আন্তর্জাতিক মহলে স্বস্তি ফিরে এসেছে।

প্রণালি খুলে দেওয়ার পরপরই দুটি জাহাজ সফলভাবে হরমুজ অতিক্রম করে। এর মধ্যে একটি গ্রিসের পতাকাবাহী এবং অন্যটি লাইবেরিয়ার পতাকাবাহী পণ্যবাহী জাহাজ। আন্তর্জাতিক নজরদারি সংস্থা জানিয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী নিরাপদে এরা প্রণালিটি পার হয়।

যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হরমুজ দিয়ে জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে সম্মত হয় দুই দেশ। ইরান সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করে প্রণালিটি আবার চালু করেছে। তবে নতুন করে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে—এখন থেকে ইরানকে টোল প্রদান করে জাহাজ চলাচল করতে হবে।

প্রথমদিকে ওমানও টোল নেওয়ার পরিকল্পনার কথা জানালেও পরে তারা সে সিদ্ধান্ত থেকে সরে আসে। ফলে শুধুমাত্র ইরানই এই টোল আদায় করবে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পরই ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি ও বাণিজ্য সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ে।

হরমুজ প্রণালি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক জলসীমা হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল, যেখানে কোনো টোল ছাড়াই জাহাজ চলাচল করত। তবে বর্তমান পরিস্থিতিতে সেই চিত্র বদলে গেছে।