ইরানে ৫ দিন ধরে প্রায় বন্ধ ইন্টারনেট, যুদ্ধের মধ্যেই নতুন সংকট

Published By: Khabar India Online | Published On:

ডিজিটাল অন্ধকারে ডুবে গেছে ইরান। টানা ৫ দিন ধরে ইরানে ইন্টারনেট পরিষেবা প্রায় সম্পূর্ণ বন্ধ—এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা নেটব্লক।

বুধবার এক বিবৃতিতে নেটব্লক জানায়, ১ মার্চ থেকে দেশজুড়ে প্রায় বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, প্রায় ১২০ ঘণ্টা ধরে ইরানে কার্যত ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে। বর্তমানে দেশটির মাত্র ১ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পারছেন

বিশ্লেষকদের মতে, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণেই এই কঠোর ইন্টারনেট নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

এর আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ২১ দিন ধরে আলোচনা চলে। তবে সেই আলোচনায় কোনো সমঝোতা না হওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

আলোচনা শেষ হওয়ার একদিন পর, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযান “অপারেশন এপিক ফিউরি” শুরু করে। একই সময়ে যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েলও শুরু করে তাদের সামরিক অভিযান “অপারেশন রোয়ারিং লায়ন”

এরপর থেকেই সংঘাত দ্রুত তীব্র আকার ধারণ করে। বর্তমানে টানা ৬ দিন ধরে ইরানে যুদ্ধ চলছে

প্রাথমিক হিসাব অনুযায়ী, এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় ১ হাজার মানুষ নিহত হয়েছেন এবং ৫ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন

বিশেষজ্ঞরা বলছেন, ইন্টারনেট বন্ধ থাকায় দেশের ভেতরের প্রকৃত পরিস্থিতি সম্পর্কে বিশ্ববাসীর কাছে তথ্য পৌঁছানো আরও কঠিন হয়ে পড়ছে।