হৃতিক রোশনের পথেই হাঁটছেন ছেলে হৃদান, যাচ্ছেন হলিউডের পথে

Published By: Khabar India Online | Published On:

বলিউডের আলো ঝলমলে দুনিয়ায় আবারও তৈরি হচ্ছে নতুন ইতিহাস—হৃতিক রোশনের পথ ধরে এবার এগিয়ে আসছেন তার ছোট ছেলে হৃদান রোশান, তবে একেবারে ভিন্ন ভূমিকায়।

কাপুর কিংবা বচ্চন পরিবারের মতোই রোশান পরিবারও বহুদিন ধরেই বলিউডে শক্ত অবস্থান ধরে রেখেছে। সংগীত পরিচালক রোশনলাল নাগরথ থেকে শুরু করে রাকেশ রোশান ও হৃতিক রোশান—তিন প্রজন্মের সফলতা এখন ইতিহাস। এবার সেই ধারাকে আরও এগিয়ে নিতে প্রস্তুত নতুন প্রজন্ম।

তবে অভিনয়ের গ্ল্যামার নয়, হৃদান বেছে নিয়েছেন ক্যামেরার পেছনের জগৎ। ফিল্মমেকিং বা চলচ্চিত্র পরিচালনায় নিজের ক্যারিয়ার গড়তে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পাড়ি দিচ্ছেন তিনি। বিশ্বখ্যাত ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে ফিল্ম অ্যান্ড টিভি প্রোডাকশন নিয়ে উচ্চশিক্ষা নেবেন এই তরুণ।

হৃদানের এই অর্জনে গর্বিত তার স্কুল ‘আমেরিকান স্কুল অফ বোম্বে’। প্রতিষ্ঠানটি সামাজিক মাধ্যমে জানায়, হৃদানকে ইউএসসি-তে ফিল্ম নিয়ে পড়তে দেখা তাদের কাছে অপ্রত্যাশিত নয়। বরং তার সাফল্যে তারা গর্বিত এবং উচ্ছ্বসিত।

পরিবারের পক্ষ থেকেও মিলেছে অফুরন্ত শুভকামনা। মাত্র ১৭ বছর বয়সেই এমন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হৃদানকে নিয়ে ইতোমধ্যেই আশাবাদী চলচ্চিত্র মহল।

উল্লেখযোগ্য বিষয় হলো, হৃদান রোশান হলেন হৃতিক রোশান ও তার প্রাক্তন স্ত্রী সুজান খানের ছোট ছেলে। বড় ভাই হৃহান রোশানও পরিবারের সঙ্গে যুক্ত। যদিও হৃতিক ও সুজানের বিবাহবিচ্ছেদ হয়েছে, তবুও সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে তারা সবসময় একসঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

হৃদান রোশানের এই যাত্রা শুধু একটি পরিবারের উত্তরাধিকার নয়, বরং বলিউডে নতুন দৃষ্টিভঙ্গির সূচনা বলেই মনে করছেন অনেকে।