টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ঠিক আগে ভারতীয় শিবিরে নেমে এসেছে উদ্বেগের ছায়া। প্রস্তুতি ম্যাচে পাওয়া একটি চোট বদলে দিতে পারে দলের পরিকল্পনা।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে এক ওভারের বেশি বল করতে পারেননি হর্ষিত রানা। দু’বার রান-আপ শুরু করেও থেমে যেতে হয় তাঁকে। ডান পায়ে অস্বস্তি হওয়ায় তাঁকে দিয়ে আর বল করানো হয়নি। পরে পরীক্ষায় জানা যায়, ডান হাঁটুতে চোট লেগেছে এবং রক্তক্ষরণও রয়েছে।
ভারতীয় দলের মেডিক্যাল টিম হর্ষিতের অবস্থা খতিয়ে দেখছে। দল সূত্রের খবর, চিকিৎসকেরা খুব একটা আশাবাদী নন। অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলেই ইঙ্গিত মিলছে। সেক্ষেত্রে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হতে পারে এই জোরে বোলারকে।
দলের অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, হর্ষিত এখনও সরকারি ভাবে বিশ্বকাপ থেকে ছিটকে যাননি। তবে তাঁর কথায় স্পষ্ট, পরিস্থিতি মোটেও স্বস্তিদায়ক নয়। সেই কারণেই পরিবর্ত বোলার নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে টিম ম্যানেজমেন্ট।
বিসিসিআই সূত্রে জানা যাচ্ছে, হর্ষিত খেলতে না পারলে তাঁর পরিবর্ত হিসাবে মহম্মদ সিরাজকে নেওয়ার ভাবনা চলছে। দলের ব্যাটিং নয়, মূলত ভাল ফর্মে থাকা একজন জোরে বোলারকেই দলে নিতে চাইছেন নির্বাচকেরা। একই সঙ্গে ওয়াশিংটন সুন্দরকে নিয়েও নজর রাখা হচ্ছে, যিনি এখনও ফিটনেসের ছাড়পত্র পাননি।

