হলদিবাড়ি-মেখলিগঞ্জ রাস্তায় হঠাৎ তৈরি হওয়া বিশাল গর্ত ঘিরে বাড়ছে আতঙ্ক। মঙ্গলবারের ভারী বৃষ্টির পর এই বিপজ্জনক পরিস্থিতি সামনে আসতেই চিন্তায় পড়েছেন নিত্যযাত্রী ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজ্য সড়কের নতুন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় রাস্তার ধারের মাটি হঠাৎ ধসে গিয়ে একটি গভীর খাদ তৈরি হয়েছে। পিচ রাস্তার একেবারে ধার ঘেঁষে এই গর্ত তৈরি হওয়ায় যান চলাচল এখন বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
দিনের আলোতে গর্তটি চোখে পড়লেও, রাতের অন্ধকারে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ হারালে সরাসরি খাদে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। প্রতিদিন এই ব্যস্ত সড়ক দিয়ে ছোট-বড় গাড়ি, টোটো ও মালবাহী ট্রাক চলাচল করে, ফলে বিপদের সম্ভাবনা আরও বেড়েছে।

এলাকাবাসীরা জানিয়েছেন, ইতিমধ্যেই রাস্তার প্রস্থ অনেকটাই কমে গেছে। দ্রুত মেরামত না করা হলে আরও বড় অংশ ধসে পড়তে পারে, যার ফলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয়দের দাবি, প্রশাসন ও পূর্ত দপ্তর যেন অবিলম্বে ব্যবস্থা নেয়। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই গর্ত সংস্কার এবং সেখানে সতর্কতামূলক ব্যারিকেড বা সাইনবোর্ড বসানোর জন্য জোরালো আবেদন জানানো হয়েছে।

