গোলপার্ক কাণ্ডে ১০ জন ধৃত, আরও অভিযুক্তের খোঁজে পুলিশ

Published By: Khabar India Online | Published On:

কলকাতার গোলপার্ক এলাকায় দুষ্কৃতীদের তাণ্ডব ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ঘটনায় এখনও থমথমে পরিস্থিতি, আর সেই ঘটনার তদন্তে নেমে ১০ জনকে গ্রেফতার করল পুলিশ।

সোমবার সকালে Kolkata Police কমিশনার সুপ্রতিম সরকার জানান, ঘটনায় যাঁরা জড়িত, তাঁদের কাউকেই রেয়াত করা হবে না। ইতিমধ্যেই ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সোমবার সকালেও গোলপার্ক এলাকায় পুলিশের টহল চোখে পড়েছে। সাধারণ মানুষ রাস্তায় বেরোলেও অনেকেই ভয়ে মুখ খুলতে চাইছেন না। কেউ কেউ আবার আশঙ্কা প্রকাশ করছেন, বারবার এই ধরনের অশান্তি তাঁদের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ গোলপার্কের কাঁকুলিয়া রোডে একটি ক্লাবের পিকনিক চলাকালীন দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয়। অভিযোগ, প্রায় ১০০ থেকে ১৫০ জন মুখ বাঁধা দুষ্কৃতী এলাকায় চড়াও হয়। গুলি চালানো, বোমাবাজি এবং ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি ও স্থানীয়দের বাইক।

ঘটনার পর রাতেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তল্লাশি অভিযান চালায় পুলিশ। রবীন্দ্র সরোবর ও কসবা থানা এলাকায় অভিযান চালিয়ে ১৮ থেকে ৩৮ বছর বয়সি ১০ জনকে গ্রেফতার করা হয়। তাঁদের মধ্যে কয়েক জন স্থানীয় বাসিন্দা।

এই ঘটনায় অন্তত দু’জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে একজন গুলিবিদ্ধ, অন্যজন মাথায় আঘাত পেয়েছেন। এলাকায় ফের শান্তি ফেরাতে পুলিশি নজরদারি আরও জোরদার করা হয়েছে।