হঠাৎ করেই যেন আশার আলো দেখল লালগোলার সাধারণ মানুষ। ব্যয়বহুল চিকিৎসার এই সময়ে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পেয়ে খুশি এলাকাবাসী। বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ও সমাজসেবী ডঃ আব্দুল আজিজের উদ্যোগে লালগোলায় অনুষ্ঠিত হল একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্প।
এই মেডিকেল শিবিরে শিশু থেকে বয়স্ক—সব বয়সের রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। অভিজ্ঞ পাঁচজন চিকিৎসক এদিন রোগ নির্ণয় ও পরামর্শ দেন। শুধু চিকিৎসাই নয়, প্রয়োজনীয় ওষুধও সম্পূর্ণ ফ্রি বিতরণ করা হয় রোগীদের মধ্যে।
বর্তমান সময়ে সাধারণ মানুষের কাছে চিকিৎসা করানো ক্রমশ কঠিন হয়ে উঠেছে। সেই বাস্তবতাকে সামনে রেখেই এই মানবিক উদ্যোগ বলে জানান ডঃ আব্দুল আজিজ। সকাল থেকেই মেডিকেল ক্যাম্পে মানুষের উপচে পড়া ভিড় চোখে পড়ে।
এই ক্যাম্পে চিকিৎসা পরিষেবা দেন ডঃ আব্দুল আজিজ, ডঃ মাসুদা খাতুন, ডঃ মতিউর রহমান, ডঃ সাকিরুল ইসলাম ও ডঃ রুহুল আমিন। লালগোলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে মানুষ এসে চিকিৎসা করান।
ডঃ আব্দুল আজিজ জানান, এখনও বহু মানুষ উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত। তাই আগামী দিনেও এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প চালু রাখার আশ্বাস দেন তিনি। এই উদ্যোগে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

