এনা সাহা কাজ চেয়ে সাড়া পাচ্ছেন না—টলিপাড়ায় এই খবরই এখন আলোচনার কেন্দ্রে। দীর্ঘ তিন বছর বড় পর্দা থেকে দূরে থাকার পর ফের অভিনয়ে নিয়মিত হতে চাইছেন জনপ্রিয় অভিনেত্রী ও প্রযোজক এনা সাহা। কিন্তু আশানুরূপ কাজের প্রস্তাব এখনও আসছে না বলে জানিয়েছেন তিনি।
শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা এনা বরাবরই নিজেকে প্রথমে অভিনেত্রী হিসেবেই পরিচয় দিতে স্বচ্ছন্দ। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘চিনে বাদাম’ ছবির পর তাকে আর বড় পর্দায় দেখা যায়নি। এই দীর্ঘ বিরতি নিয়ে দর্শকদের মধ্যেও তৈরি হয়েছিল কৌতূহল।
সম্প্রতি এক সংবাদমাধ্যমে এনা জানান, প্রযোজক হিসেবে কাজ করলেও তার মূল লক্ষ্য সবসময় অভিনয়। গত কয়েক বছরে নতুন কোনো উল্লেখযোগ্য প্রস্তাব না পাওয়ায় তিনি কিছুটা বিস্মিত। বিভিন্ন প্রযোজক ও পরিচালকের সঙ্গে যোগাযোগ করেও প্রত্যাশিত সাড়া পাননি বলে জানিয়েছেন।
এনা স্পষ্ট করে বলেন, তিনি অভিনয় করতে চান এবং কাজের জন্য নিজে থেকেই আগ্রহ প্রকাশ করেছেন। তবে কেন তাকে নিয়ে নতুন কাজ হচ্ছে না, তা নিয়ে তিনি নিশ্চিত নন।
ইন্ডাস্ট্রির ভেতরে কোনো গ্রুপিং বা নির্দিষ্ট মহলের প্রভাব আছে কি না—এই প্রশ্নও উঠেছে। যদিও এ বিষয়ে এনা জানান, তিনি কখনোই কোনো নির্দিষ্ট কোরাম বা গোষ্ঠীর অংশ ছিলেন না।
বড় পর্দার পাশাপাশি ছোট পর্দা বা ধারাবাহিকেও কাজ করতে আগ্রহী তিনি। চলতি বছরে তার প্রযোজনা প্রতিষ্ঠানের একটি ছবি মুক্তির অপেক্ষায় থাকলেও অভিনেত্রী হিসেবে নিজের অবস্থান আরও মজবুত করতে চান এনা সাহা। এখন দেখার, নতুন বছরে তার প্রত্যাবর্তন কতটা সফল হয়।

