হঠাৎই বড় সিদ্ধান্ত! ইএম বাইপাস সংলগ্ন এলাকায় প্রথমবারের মতো পরিকল্পিতভাবে EM Bypass Parking Lot গড়ে তুলতে উদ্যোগ নিল কলকাতা পুরসভা।
বাইপাস পুরসভার হাতে আসার পর এই প্রথম নির্দিষ্ট রূপরেখা তৈরি হয়েছে সরকারি পার্কিং ব্যবস্থার জন্য। পুরসভা সূত্রে জানা গিয়েছে, মোট ১৪টি রাস্তায় গাড়ি রাখার জন্য নির্দিষ্ট জায়গা চিহ্নিত করা হয়েছে। সবগুলি চালু হলে প্রায় ৪৮২টি গাড়ি পার্কিংয়ের সুযোগ পাবে।
যে সব রাস্তায় পার্কিং লট তৈরি হবে তার মধ্যে রয়েছে জওহরলাল নেহরু রোড, গরচা রোড, রমণী চ্যাটার্জি রোড, হিন্দুস্তান পার্ক, বিপিন পাল রোড, সুরেন ঠাকুর রোড, লেক ভিউ রোড, যতীন বাগচী রোড, হিন্দুস্তান রোড, ডোভার লেন, গরচা ফার্স্ট লেন ও বিশ্ববাংলা সরণি। পাশাপাশি বাইপাসের অজয়নগর, ঘোষপাড়া, মুকুন্দপুর এবং গড়িয়াহাট রোড ফ্লাইওভারের তলাতেও পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।
পুরসভার মতে, এই প্রকল্প চালু হলে বেআইনি পার্কিং অনেকটাই কমবে এবং যানজট নিয়ন্ত্রণে আসবে। বিশেষ করে অফিস সময়ে বাইপাস এলাকায় যে বিশৃঙ্খলা তৈরি হয়, তা অনেকটাই কমতে পারে।
এবারের বিশেষ দিক হল দায়িত্ব বণ্টনে ‘ই-নিলাম’ প্রক্রিয়া। এতদিন টেন্ডারের মাধ্যমে এজেন্সি নিয়োগ করা হলেও এবার রাজ্য সরকারের নির্দেশিকা মেনে ই-নিলামের মাধ্যমে স্বচ্ছ পদ্ধতিতে সংস্থা নির্বাচন করা হবে। এতে প্রশাসনিক স্বচ্ছতা যেমন বাড়বে, তেমনই রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে বলে আশা পুর কর্তৃপক্ষের।
দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করে কাজ শুরু করার প্রস্তুতি চলছে। সব ঠিক থাকলে অচিরেই EM Bypass Parking Lot প্রকল্প বাস্তবায়িত হতে পারে।

