হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে ইলন মাস্কের xAI। প্রতিষ্ঠানটির দুই সহ–প্রতিষ্ঠাতা একসঙ্গে পদত্যাগ করায় প্রযুক্তি দুনিয়ায় শুরু হয়েছে নতুন জল্পনা।
কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা xAI-র সহ–প্রতিষ্ঠাতা টনি উ ও জিমি বা সম্প্রতি নিজেদের সিদ্ধান্তের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান। প্রায় তিন বছর আগে ইলন মাস্কের সঙ্গে এই সংস্থা গড়েছিলেন তাঁরা। তবে পদত্যাগের সুনির্দিষ্ট কারণ কেউই প্রকাশ করেননি।
প্রতিষ্ঠানের ভেতরে আগে থেকেই অস্থিরতার ইঙ্গিত ছিল। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, দ্রুত এআই মডেলের সক্ষমতা বাড়ানোর তাগিদে প্রযুক্তি দলে চাপ তৈরি হয়েছিল। বিশেষ করে OpenAI ও Anthropic-এর সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যেতে চেয়েছিলেন Elon Musk।
জানা গেছে, এখন পর্যন্ত ১২ জন সহ–প্রতিষ্ঠাতার অর্ধেকই প্রতিষ্ঠান ছাড়ছেন। নেতৃত্ব পর্যায়ে এই ধারাবাহিক প্রস্থান সংস্থার স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলছে।
এর মধ্যেই আসে আরেক বড় ঘোষণা। SpaceX জানিয়েছে, তারা xAI অধিগ্রহণ করবে। দুই প্রতিষ্ঠানের সম্মিলিত মূল্য ধরা হয়েছে প্রায় ১.২৫ ট্রিলিয়ন ডলার। পরিকল্পনা রয়েছে, নতুন সমন্বিত প্রতিষ্ঠান চলতি বছরের মধ্যেই শেয়ারবাজারে আসবে।
মাস্ক মহাকাশে ডেটা সেন্টার তৈরির উচ্চাভিলাষী পরিকল্পনার কথাও জানিয়েছেন। সেই স্বপ্ন বাস্তবায়নে বড় অঙ্কের অর্থ সংগ্রহই মূল লক্ষ্য বলে মনে করছেন বিশ্লেষকেরা।
তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—নেতৃত্বে ধারাবাহিক পরিবর্তন কি xAI-র গতি কমাবে? নাকি নতুন কাঠামো আরও শক্ত ভিত গড়ে দেবে? প্রযুক্তি বিশ্ব এখন সেদিকেই তাকিয়ে।

