নির্বাচনের আগেই বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন—আর তাতেই তৈরি হল চাঞ্চল্য। দায়িত্বে গাফিলতির অভিযোগে সরিয়ে দেওয়া হল এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষককে।
কমিশন সূত্রে জানা গিয়েছে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সম্প্রতি সমস্ত সাধারণ পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকেই কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক অনুরাগ যাদবের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।
অভিযোগ, তিনি তাঁর দায়িত্বে থাকা কেন্দ্রের মৌলিক তথ্য সম্পর্কেই অবগত ছিলেন না। বিশেষ করে, সংশ্লিষ্ট কেন্দ্রে মোট কতগুলি বুথ রয়েছে—এই সাধারণ প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হন তিনি। বিষয়টি জানার পরই ক্ষোভ প্রকাশ করেন মুখ্য নির্বাচন কমিশনার।
এই পরিস্থিতিতে নির্বাচন পরিচালনায় তাঁর সক্ষমতা নিয়ে সংশয় দেখা দেয়। সঙ্গে সঙ্গেই তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় বলে কমিশন সূত্রে খবর।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনের জন্য সমসংখ্যক সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী, প্রত্যেক পর্যবেক্ষককে নির্দিষ্ট সময়ের মধ্যে নিজের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রে পৌঁছে কাজ শুরু করতে বলা হয়েছিল।
তাঁদের মূল দায়িত্ব হল নির্বাচনী প্রক্রিয়া যাতে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও পক্ষপাতহীনভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করা। পাশাপাশি প্রার্থী ও রাজনৈতিক দলগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখারও নির্দেশ রয়েছে।
এই ঘটনার পর কমিশনের কড়া মনোভাব স্পষ্ট হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ভোটের আগে দায়িত্বে কোনওরকম অবহেলা বরদাস্ত করা হবে না—এই বার্তাই যেন তুলে ধরা হল।

