ভয়াবহ মিসর সড়ক দুর্ঘটনা কেড়ে নিল ১৮ জনের প্রাণ। উত্তরপূর্বাঞ্চলীয় বন্দরনগরী পোর্ট সৈয়দ-এ ট্রাক ও যাত্রীবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে থার্টি জুন এক্সিস হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলেই ১৮ জন নিহত হন এবং আহত হন আরও তিনজন। নিহত ও আহতরা সবাই মৎসজীবী বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পিকআপটি দুই কার্গো ট্রাকের মাঝখানে পড়ে যায়। প্রচণ্ড ধাক্কায় পিকআপটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে গাড়িটির ধ্বংসাবশেষ। ঘটনাটির ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পোর্ট সৈয়দের আদালতের সরকারি কৌঁসুলির দপ্তর জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, গাজা বোর্ড অব পিসের বৈঠকে যোগ দিতে বর্তমানে ওয়াশিংটন ডিসি-তে অবস্থান করছেন মিসরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি। সেখান থেকেই তিনি ফেসবুকে শোকবার্তা প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, মিসরে সড়ক দুর্ঘটনা নতুন নয়। অতিরিক্ত গতি, ট্রাফিক আইন অমান্য এবং সড়কের অবকাঠামোগত সমস্যার কারণে প্রতিবছর বহু মানুষ প্রাণ হারান। বিশেষ করে ট্রাক ও মাইক্রেবাস সংশ্লিষ্ট দুর্ঘটনা দেশটিতে উদ্বেগজনক হারে বাড়ছে।

