ব্যস্ত জীবনে স্বস্তি! ‘Copilot Tasks’ নিয়ে এলো মাইক্রোসফট

Published By: Khabar India Online | Published On:

ব্যস্ত জীবনে কাজের চাপ কি দিন দিন বাড়ছে? ঠিক এমন সময়েই Microsoft নিয়ে এল নতুন AI সেবা Copilot Tasks, যা আপনার দৈনন্দিন ছোটখাটো কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে সামলে দিতে পারে।

প্রযুক্তি প্রতিষ্ঠান Copilot Tasks–কে তৈরি করেছে মূলত সেইসব ব্যবহারকারীদের জন্য, যারা একসঙ্গে একাধিক কাজ সামলাতে গিয়ে সময়ের চাপে পড়েন। এই সেবা ব্যবহারকারীর নিজস্ব ডিভাইসের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে নিজস্ব ক্লাউডভিত্তিক কম্পিউটার ও ব্রাউজারের মাধ্যমে কাজ সম্পন্ন করবে।

ব্যবহার পদ্ধতিও সহজ। স্বাভাবিক ভাষায় লিখে বা বলে জানালেই হবে কী কাজ করতে চান। একবারের কাজ, নির্দিষ্ট সময় পরপর কাজ কিংবা নির্ধারিত তারিখে কাজ—সবই সেট করা যাবে। কাজ শেষ হলে একটি বিস্তারিত রিপোর্টও পাওয়া যাবে।

উদাহরণ হিসেবে বলা হয়েছে, ইনবক্সে থাকা ই–মেইল, সংযুক্ত ফাইল ও ছবি নিয়ে স্বয়ংক্রিয়ভাবে একটি স্লাইড প্রেজেন্টেশন তৈরি করতে পারে Copilot Tasks। অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন চিহ্নিত করে বাতিল করা, জরুরি ই–মেইল আলাদা করে দেখানো এবং খসড়া উত্তর তৈরি করার সুবিধাও থাকছে।

শুধু অফিসের কাজ নয়, ব্যক্তিগত জীবনেও সাহায্য করবে এই AI টুল। জন্মদিনের অনুষ্ঠান পরিকল্পনা, আমন্ত্রণপত্র তৈরি, এমনকি প্রতি শুক্রবার নতুন ফ্ল্যাটের তালিকা খুঁজে দেখা এবং পছন্দ হলে বাসা দেখার সময় ঠিক করাও এর মাধ্যমে সম্ভব।

তবে গুরুত্বপূর্ণ কাজ যেমন অর্থ পরিশোধ বা কারও কাছে বার্তা পাঠানোর আগে ব্যবহারকারীর অনুমতি নেওয়া হবে। অর্থাৎ স্বয়ংক্রিয়তা থাকলেও নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর হাতেই।

বর্তমানে Copilot Tasks গবেষণা পর্যায়ের প্রিভিউ হিসেবে সীমিতসংখ্যক পরীক্ষামূলক ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে। ভবিষ্যতে এটি আরও বিস্তৃতভাবে চালু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।