আকাশে নতুন ইতিহাস সৃষ্টি হলো—যেখানে এক ফ্লাইট উড়ে গেল প্রায় অর্ধেক পৃথিবীর দূরত্ব! চীনের সাংহাই থেকে আর্জেন্টিনার বুয়েনস এইরেসে চালু হলো বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইট, যার যাত্রা সময় ২৯ ঘণ্টা এবং দূরত্ব প্রায় ২০ হাজার কিলোমিটার।
ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ২টায় সাংহাই থেকে উড্ডয়ন করে বিকেল ৪টা ৪৫ মিনিটে বুয়েনস এইরেসে পৌঁছায় এই বিশেষ ফ্লাইট। যাত্রাপথে নিউজিল্যান্ডের অকল্যান্ডে জ্বালানি ভরার ও ক্রু পরিবর্তনের জন্য সংক্ষিপ্ত বিরতি নেওয়া হয়।
যদিও এটি ননস্টপ ফ্লাইট নয়, তবে মোট সময় ও দূরত্বের দিক থেকে এখন পর্যন্ত এটিই বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক এয়ারলাইন রুট। সাংহাই থেকে আর্জেন্টিনা যেতে সময় লাগে ২৫ ঘণ্টারও বেশি, আর ফিরতি পথে সময় আরও চার ঘণ্টা বাড়ে।
৩১৬ আসনবিশিষ্ট বোয়িং ৭৭৭–৩০০ইআর এখন থেকে বছরজুড়ে সপ্তাহে দুই দিন এই রুটে চলাচল করবে। চায়না ইস্টার্ন জানায়, নতুন রুটটি দক্ষিণ আমেরিকার প্রধান শহরগুলোর সঙ্গে সাংহাইয়ের যোগাযোগ সেতু তৈরি করবে এবং আর্জেন্টিনায় থাকা ক্রমবর্ধমান পূর্ব এশীয় প্রবাসীদের বড় সুবিধা দেবে।
ফ্লাইটটি সিঙ্গাপুর এয়ারলাইন্সের নিউইয়র্ক–সিঙ্গাপুর ১৯ ঘণ্টার ননস্টপ রুটকে ছাড়িয়ে বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক রুট হিসেবে স্বীকৃতি পেয়েছে। তবে এই রেকর্ড বেশি দিন টিকবে না বলেও ধারণা করা হচ্ছে।
অস্ট্রেলিয়ার কোয়ান্টাস এরই মধ্যে ‘প্রজেক্ট সানরাইজ’ উদ্যোগে সিডনি থেকে লন্ডন ও নিউইয়র্কে ২২ ঘণ্টার ননস্টপ ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে। বিশেষভাবে তৈরি অতিরিক্ত জ্বালানি ধারণক্ষমতা সম্পন্ন এয়ারবাস দিয়ে ২০২৭ সালে এই নতুন রুট চালুর লক্ষ্য তাদের।
1. বর্তমানে বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইট কোনটি?
চীনের সাংহাই থেকে আর্জেন্টিনার বুয়েনস এইরেস রুটই এখন বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক রুট।
2. এই ফ্লাইটের মোট সময় কত?
প্রায় ২৯ ঘণ্টা, যার মধ্যে অকল্যান্ডে স্বল্প বিরতি রয়েছে।
3. কোন উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে?
৩১৬ আসনবিশিষ্ট বোয়িং ৭৭৭–৩০০ইআর।
4. রুটটি কতদিনে কতবার পরিচালিত হবে?
সপ্তাহে দুইবার সারা বছর পরিচালিত হবে।
5. ভবিষ্যতে কি এর চেয়ে দীর্ঘ রুট চালু হবে?
হ্যাঁ, কোয়ান্টাস ২০২৭ সালে সিডনি–লন্ডন ও সিডনি–নিউইয়র্ক ২২ ঘণ্টার ননস্টপ ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে।

