হঠাৎ পুলিশের অভিযানে বড় সাফল্য। মালদহের চাঁচলে জাল নোট ও আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হল তিনজন অভিযুক্ত, উদ্ধার হল লক্ষাধিক টাকার জাল নোট ও একাধিক অস্ত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে গোপন সূত্রে খবর পেয়ে চাঁচল থানার পুলিশ দুটি পৃথক অভিযান চালায়। সেই অভিযানে ধরা পড়ে জাল নোট ও অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত তিনজন ব্যক্তি।
বুধবার সাংবাদিক বৈঠকে মালদহ জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, প্রথম অভিযানে আব্দুল বারেক নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে প্রায় পাঁচ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এই জাল নোটগুলি শিলিগুড়ি থেকে মালদহে আনা হয়েছিল বাজারে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে। অভিযুক্ত আব্দুল বারেক চাঁচল থানার অন্তর্গত চন্দ্রপাড়া অঞ্চলের খানপাড়ার বাসিন্দা।
অন্যদিকে দ্বিতীয় অভিযানে গোলাম রব্বানী ও মিজানুর রহমান নামে দুই অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে।
পুলিশের অনুমান, ধৃতরা বিহার থেকে অস্ত্র এনে মালদহে পাচার করার পরিকল্পনা করছিল। ধৃত দুই অভিযুক্ত মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ তদন্ত করে দেখছে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে এবং এর পেছনে আরও বড় কোনো নেটওয়ার্ক কাজ করছে কি না।

