একটি ম্যাচ, দুই জায়ান্ট—কিন্তু আসল ফেভারিট কে? এই প্রশ্নেই জমে উঠেছে আজকের চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল।
আজ (বুধবার) মুখোমুখি হচ্ছে পিএসজি এবং লিভারপুল। গত মৌসুমের অভিজ্ঞতা বলছে, ফেভারিট সবসময় জেতে না। বরং চাপে পড়ে হারতেও পারে।
এই মৌসুমে পিএসজিকে এগিয়ে রাখছেন অনেকেই। কারণ ঘরোয়া লিগে লিভারপুলের পারফরম্যান্স বেশ হতাশাজনক। প্রিমিয়ার লিগের শিরোপা দৌড় থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে দলটি। পাশাপাশি এফএ কাপ থেকেও বিদায় নিয়েছে তারা।
দলের ভেতরেও অস্থিরতা রয়েছে। কোচের ভবিষ্যৎ অনিশ্চিত, এক তারকা ফরোয়ার্ড দল ছাড়ার অপেক্ষায়, আর অধিনায়ক নিজেই স্বীকার করেছেন দলের মনোবল ভেঙে পড়েছে।
অন্যদিকে পিএসজি রয়েছে দারুণ ছন্দে। ফরাসি লিগে শিরোপার খুব কাছাকাছি তারা। আত্মবিশ্বাসও রয়েছে তুঙ্গে।
তবে এসব পরিসংখ্যান মানতে নারাজ পিএসজি শিবির। মিডফিল্ডার ভিতিনহা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “ফেভারিট মিডিয়া তৈরি করে। লিভারপুল খারাপ ফর্মে থাকলেও তারা এখনও বিশ্বসেরা দলগুলোর একটি।”
গতবারের অভিজ্ঞতাও ভুলছে না পিএসজি। তখন লিভারপুল ছিল ফেভারিট, কিন্তু শেষ পর্যন্ত পেনাল্টিতে জয় পেয়ে পরের রাউন্ডে যায় পিএসজি। পরে তারাই ট্রফি জিতে নেয়।
পিএসজি কোচ লুইস এনরিকও একই সুরে কথা বলেছেন। তার মতে, “এই ম্যাচে কোনো ফেভারিট নেই। গত বছর সবাই লিভারপুলকে এগিয়ে রেখেছিল, কিন্তু জিতেছিল পিএসজি।”
সব মিলিয়ে বলা যায়, কাগজে-কলমে পিএসজি এগিয়ে থাকলেও মাঠে লড়াই হবে সমানে সমান। আর এই অনিশ্চয়তাই ম্যাচটিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।

