শয়তান খোঁজে সুখী সংসার! ‘চক্র’ সিজন ২ নিয়ে চমক দিলেন বাঁধন

Published By: Khabar India Online | Published On:

হঠাৎ এক রহস্যময় বার্তা। আর সেই বার্তাতেই যেন নতুন করে জেগে উঠল বহু বছর আগের এক অন্ধকার গল্প। খুব শিগগিরই দর্শকদের সামনে ফিরছে জনপ্রিয় সাইকোলজিক্যাল থ্রিলার সিরিজ ‘চক্র’ সিজন ২

২০০৭ সালে ময়মনসিংহে ঘটে যাওয়া আলোচিত ‘আদম পরিবার’ ট্র্যাজেডি তখন পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। একই পরিবারের ৯ জন সদস্যের একযোগে ট্রেনের নিচে পড়ে মৃত্যুর ঘটনা আজও রহস্যে ঘেরা। সেই ঘটনার অনুপ্রেরণায় নির্মিত সিরিজ ‘চক্র’ এবার নিয়ে আসছে নতুন কিস্তি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় পোস্ট শেয়ার করে অভিনেত্রী আজমেরী হক বাঁধন জানান, গল্পটি আবারও নতুন মোড় নিতে যাচ্ছে। তার পোস্টে তিনি লিখেছেন, “শয়তান খোঁজে সুখী সংসার। শয়তান যখন আপনার সবচেয়ে কাছের মানুষের রূপ ধরে আসে, তখন পালানোর আর কোনো রাস্তা থাকে না।”

তার এই বক্তব্যের মধ্যেই যেন লুকিয়ে রয়েছে নতুন সিজনের ইঙ্গিত। তিনি আরও জানান, প্রথম সিজনের শেষে যেখানে গল্পটি উত্তেজনাপূর্ণ অবস্থায় থেমেছিল, ঠিক সেখান থেকেই শুরু হবে নতুন এক সাইকোলজিক্যাল গেম।

সিরিজটির পরিচালক ভিকি জাহেদ আগের মতোই এবারও রহস্য আর মনস্তাত্ত্বিক উপাদান মিলিয়ে গল্পকে আরও জটিল করে তুলছেন। বিশেষ করে ‘শেয়ার্ড হ্যালুসিনেশন’—এই মনস্তাত্ত্বিক ধারণাকে কেন্দ্র করে গল্পের নতুন স্তর তৈরি করা হয়েছে বলে জানা গেছে।

প্রথম সিজনের সাফল্যের পর দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। সেই আগ্রহকে মাথায় রেখেই নির্মাতারা ঘোষণা করেছেন, আসন্ন ঈদুল ফিতরে ডিজিটাল প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ‘চক্র’ সিজন ২

রহস্য, মনস্তাত্ত্বিক খেলা আর বাস্তব ঘটনার ছায়া—সব মিলিয়ে নতুন সিজনে দর্শকদের জন্য অপেক্ষা করছে আরও অন্ধকার ও চমকপ্রদ গল্প।