মদ্যপ অবস্থায় গাড়ি চালানো অভিযোগে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স, পরে বড় সিদ্ধান্ত

Published By: Khabar India Online | Published On:

হঠাৎ এক ঘটনায় আবারও আলোচনার কেন্দ্রে চলে এলেন বিশ্বখ্যাত পপ তারকা Britney Spears। গ্রেপ্তারের খবর সামনে আসার পরই তার ইনস্টাগ্রাম প্রোফাইল হঠাৎ উধাও হয়ে যাওয়ায় ভক্তদের মধ্যে শুরু হয়েছে জোর জল্পনা।

গত বুধবার (৪ মার্চ) রাতে ক্যালিফোর্নিয়ার ভেনচুরা কাউন্টিতে মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে ব্রিটনি স্পিয়ার্সকে আটক করে পুলিশ। ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল জানায়, রাত সাড়ে ৯টার দিকে একটি কালো বিএমডব্লিউ গাড়ি দ্রুত গতিতে চালাতে দেখা যায় তাকে।

খবর পাওয়ার পর ওয়েস্টলেক ভিলেজ এলাকায় গাড়িটি থামানো হয়। সেখানে চালকের আসনে ব্রিটনি স্পিয়ার্সকে দেখতে পান কর্মকর্তারা। তার আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করা গেলে তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে পরীক্ষা করা হয়।

পরীক্ষার ফলাফলে শরীরে অ্যালকোহল ও মাদকজাতীয় উপাদানের উপস্থিতি পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। এরপরই তাকে গ্রেপ্তার দেখানো হয়। যদিও আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার ভোরে তাকে ছেড়ে দেওয়া হয়।

পুলিশ আরও জানিয়েছে, গাড়ি তল্লাশি করে একটি অজ্ঞাত দ্রব্য উদ্ধার করা হয়েছে, যা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এদিকে গ্রেপ্তারের কিছুক্ষণ পর সোশ্যাল মিডিয়ায় একটি রহস্যময় পোস্ট করেছিলেন ব্রিটনি স্পিয়ার্স। সেখানে তিনি লিখেছিলেন, “Oops!… I Did It Again।” প্রথমে অনেকেই ভেবেছিলেন এটি তার বিখ্যাত গানের লাইন উল্লেখ করে মজার ছলে লেখা পোস্ট।

কিন্তু ঘটনার সঙ্গে এর যোগ রয়েছে কিনা, তা নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয় নানা আলোচনা। এর কিছুক্ষণের মধ্যেই আরও চমকপ্রদ ঘটনা ঘটে—হঠাৎই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল ডিলিট করে দেন পপ তারকা।

সাধারণত ব্রিটনি তার নাচ, গান কিংবা ব্যক্তিগত মুহূর্তের ভিডিও নিয়মিত ইনস্টাগ্রামে শেয়ার করতেন। তাই হঠাৎ করে অ্যাকাউন্ট উধাও হয়ে যাওয়ায় অনেক ভক্তই উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

অন্যদিকে তার আইনজীবী জানিয়েছেন, ব্রিটনি নিজের ভুল বুঝতে পেরেছেন এবং আইনি প্রক্রিয়ায় সম্পূর্ণ সহযোগিতা করবেন। জেলের বদলে তাকে পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর জন্য আদালতের কাছে আবেদন জানানো হবে।