এক বিস্ফোরক বার্তা দিয়ে বাংলার রাজনৈতিক মঞ্চ গরম করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে সভা থেকে তিনি দাবি করলেন, তৃণমূলের দুর্নীতি বন্ধ করলেই সেই টাকা সরাসরি মহিলাদের এবং যুবদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া সম্ভব।
শনিবার কলকাতায় বিজেপির ‘সংকল্পপত্র’ প্রকাশের পর থেকেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছিল। সেখানে প্রতিশ্রুতি দেওয়া হয়, ক্ষমতায় এলে মহিলা ও বেকার যুবকদের মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে। এর জবাবে তৃণমূল প্রশ্ন তোলে—এই বিপুল অর্থ আসবে কোথা থেকে?
সেই প্রশ্নের জবাবই দিলেন অমিত শাহ। তাঁর কথায়, “দুর্নীতি বন্ধ করলেই টাকা চলে আসবে।” তিনি রাজ্যে সিন্ডিকেটরাজ, গরু পাচার, কয়লা ও বালি দুর্নীতি, শিক্ষক নিয়োগ এবং রেশন দুর্নীতির অভিযোগ তুলে শাসকদলকে কড়া আক্রমণ করেন।
শুধু আর্থিক প্রতিশ্রুতি নয়, আইন-শৃঙ্খলা নিয়েও কঠোর বার্তা দেন শাহ। তিনি বলেন, ভোটের দিন গুন্ডাদের ঘরে থাকতে হবে, না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে দাবি করেন, ৪ মে-র পর রাজ্যে বিজেপি সরকার গঠন নিশ্চিত।
অমিত শাহ আরও জানান, বিজেপি ক্ষমতায় এলে ২০১৬ থেকে ২০২৬ পর্যন্ত সমস্ত অশান্তির তদন্ত করা হবে। পাশাপাশি অনুপ্রবেশ রোধে বিএসএফ-এর জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে দেওয়া হবে এবং রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে।
হুমায়ুন কবীর ইস্যুতেও তিনি তৃণমূলকে নিশানা করেন এবং বাংলায় কোনওভাবেই বাবরি মসজিদ নির্মাণ হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন।
এদিকে, নির্বাচন কমিশনের সক্রিয় ভূমিকা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। রাজ্যের একাধিক আমলা ও পুলিশ আধিকারিককে সরানো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

