পটনায় নিট পড়ুয়ার মৃত্যু ঘিরে রহস্য যত ঘনীভূত হচ্ছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বিহারের রাজনৈতিক পরিস্থিতি। এ বার এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানাল বিহার সরকার।
শনিবার রাজ্যের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি জানান, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ইতিমধ্যেই কেন্দ্রের কাছে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। তাঁর বক্তব্য, এই ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত জরুরি।
এই মুহূর্তে ঘটনার তদন্ত করছে বিহার পুলিশের বিশেষ তদন্তকারী দল বা সিট। তবে রাজ্য সরকার যখন সিবিআই তদন্তের দাবি তুলছে, তখন স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে—রাজ্যের নিজস্ব পুলিশের তদন্তে কি আস্থা নেই? উল্লেখযোগ্য ভাবে, এর আগেই তরুণীর পরিবার এবং রাজ্যের বিরোধী দল সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল।
শুক্রবার নিহত নিট পড়ুয়ার পটনার বাড়িতে যান রাজ্য পুলিশের ডিজি বিজয় কুমার। পরিবারের অভিযোগ, তিনি ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে মেনে নিতে চাপ দেন এবং যৌন হেনস্থার সম্ভাবনা নাকচ করেন। এর পরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
তরুণীর মা অভিযোগ করেন, সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে এবং অভিযুক্তদের আড়াল করতে প্রভাব খাটানো হচ্ছে। উপমুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রস্তাবও পরিবার প্রত্যাখ্যান করেছে। পরিবারের আইনজীবীর বক্তব্য, এখন বিচারের একমাত্র পথ আদালতের দ্বারস্থ হওয়া।
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে পটনার একটি হস্টেল থেকে নিট পড়ুয়াকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। ১১ জানুয়ারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, তরুণীকে ধর্ষণ করা হয়েছে। যদিও প্রাথমিক ভাবে পুলিশ আত্মহত্যার তত্ত্ব দেয়, ময়নাতদন্তের রিপোর্টে যৌন হেনস্থার উল্লেখ রয়েছে।

