Bankura Viral Intimate Video Case ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার পাত্রসায়ের এলাকায়। অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই ২৩ বছরের এক তরুণীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযুক্ত যুবক পলাতক, শুরু হয়েছে পুলিশি তদন্ত।
শনিবার রাতে পাত্রসায়ের থানা এলাকার নিজের বাড়ি থেকে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, অপমান সহ্য করতে না পেরে তিনি আত্মঘাতী হয়েছেন। রবিবার দেহ ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন মাস আগে সমাজমাধ্যমে এক যুবকের সঙ্গে পরিচয় হয় তরুণীর। ওই যুবক নিজেকে ইন্দাস থানা এলাকার বাসিন্দা এবং সেনাকর্মী বলে পরিচয় দেন। ধীরে ধীরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
অভিযোগ, গত শুক্রবার দেখা করার নামে তরুণীকে বর্ধমানে ডেকে পাঠান অভিযুক্ত। বাড়িতে বিউটি পার্লারের কাজ শেখার অজুহাত দিয়ে বেরিয়েছিলেন তিনি। পরিবারের দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একটি হোটেলে শারীরিক সম্পর্ক স্থাপন করেন যুবক এবং গোপনে সেই মুহূর্তের ভিডিও ধারণ করেন।
পরবর্তীতে সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করা শুরু হয় বলে অভিযোগ। শনিবার সন্ধ্যায় কথামতো না চলায় অভিযুক্ত সমাজমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দেন। এর পরেই চরম অপমানের জেরে আত্মহত্যার পথ বেছে নেন তরুণী।
মৃতার পরিবার দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছে। তরুণীর মামা অভিযোগ করেন, ভুয়ো নাম-পরিচয় ব্যবহার করে পরিকল্পিতভাবে সম্পর্ক গড়ে তুলেছিল অভিযুক্ত।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুরো বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

