প্রযুক্তি দুনিয়ায় আবারও চাঞ্চল্য—নতুন Apple MacBook ও iPad নিয়ে বড় ঘোষণা আসতে চলেছে। মার্চের শুরুতেই বিশ্বজুড়ে টেকপ্রেমীদের নজর এখন অ্যাপলের দিকে।
প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান Apple Inc. আগামী ৪ মার্চ নিউইয়র্কে আয়োজন করতে যাচ্ছে বছরের প্রথম বিশেষ অনুষ্ঠান ‘অ্যাপল এক্সপেরিয়েন্স’। স্থানীয় সময় সকাল ৯টা থেকে শুরু হবে এই ইভেন্ট। একই সময়ে লন্ডন ও সাংহাইতেও অনুরূপ আয়োজন হতে পারে বলে জানা গেছে।
খবর অনুযায়ী, নতুন Apple MacBook ও iPad সিরিজেই এবার বড় আপডেট দেখা যেতে পারে। ধারণা করা হচ্ছে, ম্যাকবুক এয়ারের নতুন সংস্করণের পাশাপাশি ১৪ ও ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো আপগ্রেড আকারে আসবে। এতে থাকতে পারে শক্তিশালী এম৫ প্রো ও এম৫ ম্যাক্স চিপ।
শুধু পারফরম্যান্স নয়, ডিজাইনেও চমক থাকতে পারে। হালকা হলুদ, সবুজ, নীল ও গোলাপি রঙে এন্ট্রি-লেভেলের নতুন ম্যাকবুক বাজারে আনার জল্পনা চলছে। তরুণ ব্যবহারকারীদের লক্ষ্য করেই এমন পরিকল্পনা বলে মনে করছেন বিশ্লেষকরা।
অন্যদিকে আইপ্যাড সিরিজেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। প্রাথমিক স্তরের আইপ্যাডে যুক্ত হতে পারে এ১৮ চিপ, যা অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সুবিধা ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ সমর্থন করবে। আইপ্যাড এয়ারেও এম৪ চিপ সংযোজনের সম্ভাবনা রয়েছে।
এছাড়া চলতি বছরে আপডেটেড ম্যাক স্টুডিও, স্টুডিও ডিসপ্লে ও ম্যাক মিনি আনার পরিকল্পনাও রয়েছে বলে প্রযুক্তি মহলে আলোচনা চলছে।
সব মিলিয়ে, মার্চ মাসটি হতে যাচ্ছে অ্যাপল ভক্তদের জন্য বিশেষ এক সময়। এখন দেখার বিষয়—ইভেন্টে ঠিক কতটা চমক দেন টেক জায়ান্ট।

