ম্যাচের শুরুতে সবকিছুই ছিল আফগানিস্তানের পক্ষে, কিন্তু শেষ হাসি হাসল নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে ১৮২ রানের লড়াকু সংগ্রহ গড়েও জয় পাওয়া হলো না রশিদ খানদের। ৫ উইকেটের ব্যবধানে ম্যাচ জিতে বিশ্বকাপ অভিযান শুরু করল কিউইরা।
চেন্নাইয়ে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান। শুরুটা ভালো হয়নি। ইব্রাহিম জাদরান ১০ ও রহমানুল্লাহ গুরবাজ ২৭ রান করে ফেরেন। তবে তৃতীয় উইকেটে ৭৯ রানের গুরুত্বপূর্ণ জুটি ম্যাচে ফেরায় আফগানিস্তানকে। সেদিকুল্লাহ আতাল করেন ২৯ রান, আর গুলবাদিন নাইব ফিফটি ছুঁয়ে থামেন ৬৩ রানে।
মাঝের দিকে ডারউইস রসুলি ২০, আজমতউল্লাহ ওমরজাই ১৪ ও মোহাম্মদ নবী ১০ রান যোগ করেন। নির্ধারিত ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৮২ রান।
রান তাড়ায় নেমে শুরুতেই চাপে পড়ে নিউজিল্যান্ড। দ্বিতীয় ওভারেই ফিন অ্যালেন ও রাচিন রবীন্দ্রকে ফিরিয়ে দেয় আফগান বোলাররা। তবে টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপস চাপ সামলে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেন। ফিলিপস করেন ৪২ রান, সেইফার্ট খেলেন ৬৫ রানের ঝকঝকে ইনিংস।
পরে মার্ক চ্যাপম্যানের ২৮ রানের অবদান এবং ড্যারেল মিচেল ও মিচেল স্যান্টনারের শান্ত ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড।

