পশ্চিমবঙ্গ আবহাওয়া ঘিরে নতুন পূর্বাভাসে এমনই ইঙ্গিত মিলছে।
একদিকে চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা, অন্যদিকে সপ্তাহের শুরুতেই রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা। ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করছে ৩১ ডিগ্রির আশেপাশে। আকাশ আপাতত পরিষ্কার থাকলেও রোদের তেজে অস্বস্তি বাড়ছে শহরে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তারপর পাঁচদিন তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকেই গরমের প্রভাব স্পষ্ট হবে।
তবে আবহাওয়ার মোড় ঘোরাতে পারে বঙ্গোপসাগরের পরিস্থিতি। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেখান থেকে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ধীরে ধীরে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। আগামী ২৪ ঘণ্টায় তা আরও শক্তি সঞ্চয় করতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিছু জেলায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে।
উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের দু’-একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, যদিও সেখানে আপাতত কোনও সতর্কতা নেই।
আবহাওয়াবিদদের আশঙ্কা, এই বৃষ্টি কৃষিক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে আলু চাষ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কৃষকদের আগেভাগে ফসল নিরাপদে সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।

