West Bengal SIR বিতর্কে হস্তক্ষেপ, ২৮ ফেব্রুয়ারির মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা

Published By: Khabar India Online | Published On:

West Bengal SIR ঘিরে এবার বড়সড় মোড়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় তথ্যগত অসঙ্গতি নিয়ে চূড়ান্ত পদক্ষেপ নিল শীর্ষ আদালত।

শুক্রবার শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, রাজ্যে চলা West Bengal SIR সংক্রান্ত সব তথ্যগত বিরোধ মেটাবেন কলকাতা হাই কোর্টের নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকরা। নির্বাচন কমিশন ও রাজ্য সরকার তাঁদের কেবল সহায়তা করবে। তাঁদের নির্দেশই সুপ্রিম কোর্টের নির্দেশ হিসেবে গণ্য হবে।

প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, ২৮ ফেব্রুয়ারির মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। সময়সীমা আর পিছোবে না। যে নামগুলির সন্দেহ ওই সময়ের মধ্যে নিষ্পত্তি সম্ভব, সেগুলি নিয়েই তালিকা প্রকাশ করতে হবে। পরে প্রয়োজনে অতিরিক্ত তালিকা প্রকাশ করা যেতে পারে।

আদালত রাজ্য ও কমিশনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছে। তাদের পর্যবেক্ষণ, দুই সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে বিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে। বিশেষ করে গ্রুপ বি আধিকারিক না দেওয়া নিয়ে সংঘাত তীব্র হয়েছে। কমিশনের অভিযোগ, পর্যাপ্ত উপযুক্ত আধিকারিক না পাওয়ায় West Bengal SIR কাজ ব্যাহত হচ্ছে।

এ পরিস্থিতিতে হাই কোর্ট বর্তমান বিচারক ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা বিচারকদের নিয়োগ করবে। প্রতি জেলায় কয়েক জন করে আধিকারিক থাকবেন। তাঁরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে তথ্য যাচাই ও অসঙ্গতি নিষ্পত্তির কাজ করবেন।

আদালত এ-ও জানিয়েছে, এতদিনে West Bengal SIR ঘিরে যে হিংসার ঘটনা ঘটেছে, তার স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে। রাজ্য সরকারকে কমিশনের সঙ্গে পূর্ণ সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, কমিশন ও রাজ্যের মধ্যে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ নিয়েও মতবিরোধ সামনে এসেছে। তবে আদালত স্পষ্ট বার্তা দিয়েছে—দোষারোপের রাজনীতি নয়, সময়মতো কাজ শেষ করাই এখন মূল লক্ষ্য।