তারেক রহমানের ঐতিহাসিক ঘোষণা: “এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের”

Published By: Khabar India Online | Published On:

এক ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্ট কণ্ঠে ঘোষণা—“এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের।” নির্বাচনে জয়লাভের পর এমনই বার্তা দিলেন তারেক রহমান

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যান জনগণকে অভিনন্দন জানান। তিনি বলেন, দীর্ঘ সময় পর দেশের মানুষ সরাসরি ভোটের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে। এই বিজয় শুধু একটি দলের নয়, বরং গণতন্ত্রকামী মানুষের।

তারেক রহমান উল্লেখ করেন, নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে দেশ নতুন এক যাত্রা শুরু করতে যাচ্ছে। তিনি দাবি করেন, ভঙ্গুর অর্থনীতি ও দুর্বল প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করতে হবে। তাই জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ভবিষ্যতে যেন কোনো অপশক্তি দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সেজন্য সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলকে ধন্যবাদ জানান তিনি।

দলের ঘোষিত ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের কথাও তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। তার ভাষায়, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব। কোনো ধরনের অন্যায় বরদাশত করা হবে না।

তিনি সতর্ক করেন, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা যেন প্রতিহিংসায় রূপ না নেয়। আইনের শাসন প্রতিষ্ঠাই হবে নতুন সরকারের মূল অঙ্গীকার।

এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, “জনগণকে কনভেন্স করাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং।” জনগণের সমর্থনই তাদের শক্তি বলে উল্লেখ করেন তিনি।

সবশেষে তিনি বলেন, আইন সবার জন্য সমান হবে। কোনো বিশেষ মহলকে অতিরিক্ত সুবিধা দেওয়া হবে না। সবাই স্বাধীনভাবে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারবেন—এমন প্রতিশ্রুতিও দেন তিনি।