হঠাৎ করে Nipah Virus নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তা নিয়ে বড় আশ্বাস দিলেন ICMR-এর ডিজি রাজীব বহেল।
কলকাতায় এসে তিনি জানান, Nipah Virus সংক্রমণ রুখতে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে অত্যন্ত কার্যকর পদক্ষেপ নিয়েছে। বেলেঘাটায় ICMR-NIRBI কেন্দ্রে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।
রাজীব বহেল বলেন, Nipah Virus অত্যন্ত ভয়াবহ হলেও একে অতি-সংক্রামক বলা ঠিক নয়। অতীতে ২০০১ ও ২০০৭ সালে এই ভাইরাসের সংক্রমণ দেখা গিয়েছিল। কেরল এবং পশ্চিমবঙ্গ— দুই জায়গাতেই সংক্রমণ হয়েছিল, তবে আক্রান্তের সংখ্যা সাধারণত সীমিত ছিল।
তিনি আরও জানান, দ্রুত কন্ট্যাক্ট ট্রেসিং, নমুনা সংগ্রহ ও পরীক্ষার মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সম্প্রতি রাজ্যে দুই নার্স Nipah Virus-এ আক্রান্ত হয়েছিলেন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ক্রিটিক্যাল কেয়ারে চিকিৎসাধীন থাকার পর তাঁর ফুসফুসে সেকেন্ডারি ইনফেকশন ধরা পড়ে।
অন্য নার্সের চিকিৎসা চলেছে এবং স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, নতুন করে আর কেউ Nipah Virus-এ আক্রান্ত হননি। আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করে নমুনা পরীক্ষা করা হয়। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, সব নমুনাই নেগেটিভ এসেছে।
রাজীব বহেল বলেন, আতঙ্কিত হওয়ার কোনও প্রয়োজন নেই। তবে শুরু থেকেই সতর্ক থাকা জরুরি। তিনি উল্লেখ করেন, পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তরপ্রদেশ, বিহার, ছত্তীসগঢ় ও কেরলে বাদুড়ের মধ্যে Nipah Virus-এর উপস্থিতির প্রমাণ মিলেছে।
বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সচেতনতা ও দ্রুত পদক্ষেপই এই ভাইরাস নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি।

